দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত
বিনোদন ডেস্ক : নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর দ্বিতীয় সিজন মুক্তির আগেই তৃতীয় সিজনের ঘোষণা এসেছে। ব্রিটানি স্নো ও মালিন আকারম্যান অভিনীত সিরিজটির দ্বিতীয় কিস্তি আগামী ২৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মে কোবের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটির প্রথম সিজনে ইস্ট টেক্সাসের রহস্যময় জগতের সঙ্গে জড়িয়ে পড়া সোফি ও’নিলের গল্প উঠে আসে। সামাজিকভাবে প্রভাবশালী মার্গোর সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে তাকে টেনে নেয় আসক্তি, প্রলোভন ও হত্যার জটিল খেলায়।
দ্বিতীয় সিজনে গল্প উপন্যাসের গণ্ডি ছাড়িয়ে নতুন দিকে এগোবে। সোফি ও মার্গোর সম্পর্কেও তৈরি হবে নতুন উত্তেজনা। পুরোনো গোপনীয়তা, নতুন হুমকি এবং প্রতিশোধের খেলায় কে শিকার আর কে শিকারি—সেই প্রশ্ন আরও জটিল হয়ে উঠবে।
সিরিজটির নির্মাতা ও শোরানার রেবেকা কাটার। তৃতীয় সিজনের ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, নতুন মৌসুমে দর্শকদের জন্য আরও বেশি কেলেঙ্কারি, রহস্য ও জটিলতা অপেক্ষা করছে।
প্রথম সিজনের আগে স্টারজের জন্য তৈরি হলেও পরে ২০২৫ সালে নেটফ্লিক্স সিরিজটির স্বত্ব নেয়। এরপর থেকেই এটি নেটফ্লিক্স অরিজিনাল হিসেবে সম্প্রচারিত হচ্ছে। সিরিজটির স্টুডিও লায়ন্সগেট।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস











