,

পঞ্চগড়ে সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা মনু মিয়া গত ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন।

মামলায় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, আল আমিনকে গুম ও হত্যার অভিযোগের মামলার পাশাপাশি বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলাও রয়েছে মুক্তার বিরুদ্ধে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।