শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা চলচ্চিত্রের নাম ‘আশিকি’ হয় কিভাবে?

news-image

জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে আরো একটি ভিডিও গান। 'বৃষ্টি ভেজা' শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদেব হাশমী। সংগীত পরিচলনায় ছিলেন সানভি। নামের সাথে কাজের কোনো মিল নেই। গানের নাম বৃষ্টি ভেজা। আদতে বৃষ্টির কোনো ছিটেফোঁটা নেই। ইউটিউবে ভিডিও প্রকাশের সাথে সাথে ক্ষেপেছেন ভিডিও দর্শকরা। বাংলাদেশি সিনেমার নাম কিভাবে 'আশিকি' হয়? এই প্রশ্ন তুলেছেন অনেক ভিডিও দর্শক। নামে যে দর্শকেরা তৃপ্ত নন কিংবা সিনেমার নাম যে বিতর্কের সৃষ্টি করছে তা আরো কিছু মন্তব্য দেখলেই বোঝা যায়। যদিও আমাদের দেশের চলচ্চিত্রের সাথে বিদেশি শব্দ যুক্ত হয়, তারপরও ছবির শিরোনামে এই হিন্দি শব্দের বিষয়ে ইউটিউবে বেশ আপত্তি উঠছে। কেননা ভারতে গানে, সিনেমায়, নাটকে, ধারাবাহিকে 'আশিকি' শব্দটি বহুল ব্যবহৃত। 

একজন চ্যানেলের নিচেই লিখেছেন, নাম দেখলেই বমি আসে। কেউ কেউ সাম্প্রতিক সময়ের কলকাতার একই ধাঁচের গানের ধারণা দিয়ে নির্মিত এই গানের সমালোচনা করেছেন। ভিডিওটি দেখা গেছে একাধিক ধাপে নায়ক অঙ্কুশ ও নায়িকা নুশরাত ফারিয়া একটা আবেদন তৈরি করার চেষ্টা করেছেন। দর্শকরা এটাকে ইতিবাচক-নেতিবাচক দুই ভাবেই নেওয়ার চেষ্টা করেছেন। গান বিষয় না। আশিকি নামটাই বিতর্কের সৃষ্টি করেছে, সামনে হয়তো আরো বিতর্ক তৈরি করবে। এই নাম বাংলা চলচ্চিত্রে আসলেই বেমানান। ইদানীং বাংলা গানগুলোতেও হিন্দি শব্দ ঢুকিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। অনন্ত জলিল নিঃশ্বার্থ ভালোবাসা চলচ্চিত্রে 'সাজনা' শব্দটি প্রয়োগ করে কৈলাশ খের একটা গান করেন। 'সাজনা' শব্দটি ইদানীং অনেকেই প্রায়ই বাংলা গানে ব্যবহার করছেন।

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া গানটি বেশ দর্শক দেখেছে। গানটির বেশির ভাগ দৃশ্যই শুটিং হয়েছে স্কটল্যান্ডে। বাংলাদেশ-ভারত যৌথ 'আশিকি’ সিনেমাটি পরিচালনা করেন আবদুল আজিজ ও কলকাতার অশোক পতি। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।