শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতির যেসব সুবিধা মিলবে

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পরও আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজীবন পেনশন, চিকিৎসা, নিরাপত্তা, কূটনৈতিক পাসপোর্টসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সেই হিসাবে তিনি বেতনের ৭৫ শতাংশ অর্থাৎ মাসে ৯০ হাজার টাকা পেনশন পাবেন। ভবিষ্যতে রাষ্ট্রপতির বেতন বাড়লে তার পেনশনের পরিমাণও একই অনুপাতে বৃদ্ধি পাবে।

‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’ অনুযায়ী, এসব সুবিধা পেতে অন্তত ছয় মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়। মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর তিন বছরের বেশি সময় এ পদে ছিলেন।

আইন অনুযায়ী, তিনি রাষ্ট্রপতির পেনশন অথবা পূর্বের সরকারি চাকরির পেনশনের মধ্যে যেকোনো একটি গ্রহণ করতে পারবেন। তার মৃত্যুর পর বিধি অনুযায়ী পেনশনের দুই-তৃতীয়াংশ সুবিধা উত্তরাধিকারীরা পাবেন।

এ ছাড়া সরকার তার জন্য একজন ব্যক্তিগত সহকারী, একজন অ্যাটেনডেন্ট এবং অফিস পরিচালনার প্রয়োজনীয় ব্যয় বহন করবে। এসব সুবিধার পরিমাণ সরকার নির্ধারণ করবে।

সাবেক রাষ্ট্রপতি ও তার স্ত্রী একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসা সুবিধা পাবেন। প্রয়োজনে দেশ-বিদেশে সরকারি খরচে চিকিৎসার সুযোগও থাকবে।

সরকারি অনুষ্ঠানে অংশ নিলে তিনি বিনা খরচে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বাসায় টেলিফোন সুবিধা এবং নির্ধারিত সীমা পর্যন্ত বিল পরিশোধের সুবিধাও পাবেন।

আইন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি ও তার স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট ব্যবহারের অধিকারী হবেন। দেশের বিভিন্ন স্থানে সফরের সময় তারা সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থান করতে পারবেন।

তবে ভবিষ্যতে অন্য কোনো সরকারি পদে যোগ দিলে বা নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হলে এসব অবসর-সুবিধা বাতিল হওয়ার বিধান রয়েছে।

এ ছাড়া অবসরের এক মাসের মধ্যে আবেদন করলে মাসিক পেনশনের পরিবর্তে এককালীন অর্থ গ্রহণের সুযোগও রয়েছে।