সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’। শনিবার রাজধানীর নভোথিয়েটারে দুই দিনব্যাপী এই সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল সোয়া ১১টার দিকে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ১০টায় তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
‘বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’—এই প্রতিপাদ্য সামনে রেখে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভারের যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের মতে, দেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স খাতের সম্ভাবনা তুলে ধরা, দক্ষ জনবল গড়ে তোলা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণই এ আয়োজনের প্রধান লক্ষ্য।
সামিটে সরকারের নীতিনির্ধারক, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেন। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সামিটের পাশাপাশি আয়োজিত বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬-এ ৩৫টি স্টলে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তারা সেমিকন্ডাক্টর, এআই, রোবোটিক্স, স্বাস্থ্য প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ বিভিন্ন ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ, আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ও প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া বক্তব্য দেন বিএসআইএর সভাপতি এম এ জাব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং পারড্যু ইউনিভার্সিটির অধ্যাপক ও সিলিকন রিভার ইনিশিয়েটিভের চিফ আর্কিটেক্ট অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হুসাইন।
আগামী ২৬ জুলাই সামিটের সমাপনী দিনে ‘ক্রিস্টে ফেলো রিসার্চ সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হবে। এতে দেশের উদীয়মান গবেষকেরা তাদের গবেষণা উপস্থাপন করবেন। একই সঙ্গে সেমিকন্ডাক্টর সুপারিশমালা, ট্যালেন্ট রোডম্যাপ ২০৩০, ইকোসিস্টেম রোডম্যাপ, আন্তর্জাতিক অংশীদারিত্ব কাঠামোসহ আটটি কৌশলগত জাতীয় দলিল প্রকাশ করা হবে, যা দেশের ডিপ-টেক ও সেমিকন্ডাক্টর খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে দিকনির্দেশনা দেবে।











