শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশেও অনেক সানি লিওনি আছেন!

news-image

জব্বার হোসেন॥ হেফাজত নেতারা সানি লিওনিকে কিভাবে চেনেন? খুব বোকার মতো, বুদ্ধুর মতো প্রশ্ন করছে নিজেদের প্রগতিশীল দাবি করা আমার অনেক বন্ধু। সানি লিওনিকে চিনতে কি হেফাজত নেতাদের বারণ আছে? সানি লিওনিকে বরং না চিনে উপায় নেই হেফাজত-অহেফাজত কারও- এই তথাকথিত প্রগতিশীলদের কারণেই। সানি লিওনিকে তারকা বানিয়েছে, প্রচার দিয়েছে কারা? হেফাজত নেতারা নয়, নিজেদের মুক্ত চিন্তার মানুষ বলা, আধুনিক প্রগতিশীল দাবি করা মানুষেরাই। যারা মিডিয়ায় কাজ করে। নেহাত বাণিজ্যিক কারণে, দ্রুত ফুলেফেঁপে উঠতে গিয়েই সানিকে প্রচার দেওয়া ভিন্ন অন্য কোনও কারণ নেই। সানি লিওনি এমন কোনও শিল্পী নন, অভিনেত্রী নন যে, তাকে প্রচার দিতে হবে। পত্রিকার পাতা খুললেই, অনলাইনে ক্লিক করলেই, টেলিভিশন অন করলেই সানি লিওনি। মনে হয়, দুনিয়ায় সানি লিওনির চেয়ে বড় কোনও তারকা নেই, এই মুহূর্তে!

আমি মনে করি, হেফাজত নেতাদের চেয়ে তথাকথিত প্রগতিশীলদের দোষ বেশি, অপরাধ বেশি। কারণ তাদের কারণেই সানি লিওনি তারকা। মনে হতে পারে, আমি ভীষণ অপ্রগতিশীল। কেন আমি সানি লিওনিকে খাটো করে দেখছি। কেন যাকে সম্মান দিচ্ছে সবাই, তাকে অসম্মান করে কথা বলছি। আমাকে কিছু কিছু মূর্খ ‘মৌলবাদী’ বলে ফেলাটাও বিচিত্র নয়। ‘মেয়েটা ভীষণ সাহসী।’ ‘সাহস’ বলতে যারা স্বল্পবসনা হওয়া, উদোম হওয়া, যত্রতত্র যার তার সঙ্গে শুয়ে পড়াকে বোঝায়, তাদের সঙ্গে আমি একমত নই কখনোই। বরং আধুনিক বলতে যারা ‘নেংটো’ হওয়াকে বোঝায়, চিরকালই তাদের ঘোরবিরোধী আমি। আধুনিকতা প্যান্টি আর আন্ডারওয়ারে থাকে না, থাকে মগজে, মননে, বিজ্ঞান চেতনায়, মুক্ত চিন্তায়, উদারতাবাদে, মানবতাবাদে অনেক মুখই অসমর্থ, এই কথা বুঝতে।

সাদাকে সাদা, কালোকে কালো বলা মানুষ আমি। কোদালকে কোদালই মনে হয় সব সময় আমার কাছে। হেফাজত নেতাদের চোখ খুলে দিতে চাই। সানি লিওনির আগমন, গতিরোধ করতে গিয়ে নেহাত বোকামি করছেন তারা। সানি লিওনির বাইরে থেকে আসা আটকে লাভ কী? ভেতরেই তো অনেক সানি লিওনি আছে! সানি লিওনি তো একজন ব্যক্তি, যিনি পর্নস্টারের ইমেজে, রীতিমত সেক্স আইকন অনেকের কাছে। এবং আমি বলব, বিরোধীতা যদি করতেই হয়, তবে যারা যৌন তারকা বানাচ্ছেন, যৌন বাণিজ্য করছেন, যৌন ইমেজের ব্যবসাকে রমরমা করে তুলেছেন যারা, তাদেরই বিরোধিতা করুন। ব্যক্তির নয়, ব্যবস্থার বিরুদ্ধে দাড়ান।

নারীরা স্বল্পবসনা হলে, উত্তেজক পোশাক পরলে ধর্ষণ বেড়ে যায়, খুব বোকার মতো যুক্তি। তাই যদি হতো, তাহলে ৬ মাস, ৯ মাসের বাচ্চা শিশুরা ধর্ষিতা হয় কোন কারণে? বরং ধর্ষণের বিরোধিতা করুন, পতিতাবৃত্তির বিরোধিতা করুন, যৌন বাণিজ্যের বিরোধিতা করুন। নারীদের যৌনদাসী বানানোর যে প্রক্রিয়া ও চক্র, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সানি লিওনি যে কারণে বিখ্যাত তা হলো পর্নভিডিও, সেই  পর্নভিডিও তো ধর্ষণ দৃশ্যই। ভারতীয় বংশোদ্ভূত, এই মেয়েটিকে ভারতের চলচ্চিত্র ব্যবসায়ীরা বিমানপথে কানাডা থেকে উড়িয়ে এনেছেন ‘আইটেম’ হওয়ার জন্যই। সিম্পলি সেক্স আইটেম! সোজা কথা, যৌনবস্তু! তিনি এখন আর ধর্ষণ দৃশ্যে বা পর্ন মুভিতে অভিনয় না করলেও তার যে ‘পর্নইমেজ’ সেটাকেই কাজে লাগাচ্ছেন নির্মাতারা। এক সময় পর্নভিডিওতে যৌন হেনস্তা, যৌন নির্যাতন, ধর্ষণ দৃশ্যে অভিনয়ই ছিল তার নিয়মিত পেশা। ফলে তাকে দেখা মাত্রই, যৌন নির্যাতনের দৃশ্য স্মৃতিতে আসা মাত্রই অনেক দর্শক বিকৃত যৌন আনন্দ পাবে। সেই ‘আনন্দ’ ছবির রেটিং বাড়িয়ে দেবে, এমন ভাবনা থেকেই তো তাকে মেইন স্ট্রিম ছবিতে আনা।

দুনিয়াজুড়ে কোটি-কোটি মিলিয়ন ডলারের পর্ন ইন্ডাস্ট্রি, যৌন বাণিজ্য। মেয়েরা সেখানে উপাচার, যৌন পুতুল মাত্র। নদীপথে, স্থল পথে, বিমান পথে পাচার হচ্ছে মেয়েরা। শাদা মেয়েরা, কালো মেয়েরা। পাচার হওয়া মেয়েদের, সে বয়সের শিশু হোক, কিশোরী হোক, তরুণী হোক, যুবতী হোক, প্রৌঢ়া হোক, বৃদ্ধা হোক তার নিয়তি ও পরিস্থিতি একটাই- যৌন দাস বৃত্তি, পতিতাবৃত্তি। মাদক ও অস্ত্র ব্যবসার পরেই রয়েছে যৌন বাণিজ্যের অবস্থান। শুধু দক্ষিণপূর্ব এশিয়ায়-ই প্রতি বছর দুই থেকে আড়াই লাখ মেয়ে পাচার হয় যৌন ব্যবসার জন্য। যাদের বয়স ২০-এর নিচে। বাংলাদেশ থেকেই পাচার হয় প্রতি বছর ১৫ হাজারের বেশি নারী ও শিশু। যারা শেষ পর্যন্ত যৌন ব্যবসার শিকার। যশোর-কলকাতা-দিল্লি-ব্যাংকক হয়ে মধ্য ইউরোপ, দক্ষিণপূর্ব ইউরোপ হয়ে এই মেয়েরা ছড়িয়ে পড়ে সর্বত্র যৌন বাণিজ্যের উপকরণ হিসেবে। বোম্বে, রাজস্থান, বিহারে এখনও একেকটি মেয়ে বিক্রি হয় মাত্র এক হাজার টাকায়। ২০.৯ মিলিয়ন ডলারের বিশাল যৌন দাস বৃত্তির বাজার। সেক্স ভিডিও, সেক্স চ্যাট, ডান্স বার, ট্রিপার, ম্যাসাজ পার্লার, ন্যুড সেশন, ফটোস্যুট- সবই ওই একই ক্যাটাগরি! ও ইয়েস! ও ইয়েস! বলে শিৎকার, আসলে যৌন হেনস্তা, নির্যাতনের দৃশ্য। এ সব দৃশ্য যারা অভিনয় করছেন, তারা পেটের দায়ে নেহাত যৌন পুতুল। সেক্সটয় সিম্পলি। কোনও পার্থক্য নেই, সেভেন স্টার হোটেলের যৌনদাসী হওয়া মেয়েটির সঙ্গে কাওরান বাজারের আবাসিক হোটেলের দু’শ টাকা পাওয়া মেয়েটির।

আমাদের কথা ও কাজ খুব যুক্তিহীন। দূরদৃষ্টি নেই, নিকটদৃষ্টি আরও আবছা। আমরা কী আয়োজন হচ্ছে সেটা নিয়ে ব্যস্ত। কে আয়োজন করছে সেটা খুঁজি না, বুঝিও না হয়তো। তাই আমাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয় যৌনদাসীরা, কিন্তু যৌনবাণিজ্যের প্রভুরা চিরকালই পার পেয়ে যায়। কারণ তারা পুরুষ, তারা ক্ষমতাবান। কখনও কখনও নারীরাও হাত মেলায় এই ক্ষমতাবানদের সঙ্গে, সুখ-সুবিধার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তাদের সবারই প্রভু পুঁজি। এই প্রভু আরও শক্তিশালী। যৌন বাণিজ্যের প্রভুর চেয়েও অধিক অধিক অধিক ক্ষমতাবান। নারী পুরুষ নির্বিশেষে সে সবার  যৌনাঙ্গে হাত দেয়। সে কারণেই প্লেবয় এর বিপরীতে প্লেগার্ল-এর কাভারে পুরুষও ন্যূড হতে বাধ্য। ভেতরে টানা দশ-বারো পাতা জুড়ে পুরুষের নগ্নছবি। স্বমেহন, উত্থিত শিশ্ন। এই পুরুষেরাও প্রত্যেকে এক একটা সানি লিওনি-ই।

সানি লিওনি, কিম কার্দাশিয়ান, মিয়া খলিফা, লিসা অ্যান, পিটার নর্থ, রোক্কো সেফ্রেদি, রন হায়াত- এই নারী-পুরুষ পর্ন তারকাদের জন্য আমার বরং কষ্ট হয়, করুণা হয়, মায়া হয়, যারা চাইলেও পোশাক পরে থাকতে পারে না, যারা বাধ্য কাপড় খুলতে, যারা বাধ্য ন্যাংটো হতে, বাধ্য ছুঁতে, শুতে অন্যের সঙ্গে। পুঁজির থাবা যাদের নেহাত যৌন যন্ত্র বানিয়েছে, যারা কেবলই যৌন পুতুল।

নারী যৌন পুতুল! পুরুষ যৌন পুতুল!    

লেখক: সদস্য, ফেমিনিস্ট ডট কম, যুক্তরাষ্ট্র
ডিরেক্টর, বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন
সম্পাদক, সাপ্তাহিক কাগজ ও মিডিয়াওয়াচ