গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর
অনলাইন ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিল হবে কি না, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাজনৈতিক দল থেকে বহিষ্কারের বিষয়টি একাই সংসদ সদস্য পদ বাতিলের জন্য যথেষ্ট নয়। এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি মাছউদ বলেন, সংসদ থেকে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা পাওয়ার পর পুরো বিষয়টি পর্যালোচনা করা হবে। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।
তবে কোনো রাজনৈতিক দল কাউকে দল থেকে বহিষ্কার করলে শুধুমাত্র সেই কারণে সংসদ সদস্য পদ বাতিলের সরাসরি কোনো বিধান নেই বলে জানান তিনি। এ ধরনের বিষয়ে স্পিকারের মাধ্যমে সংসদ থেকে রেফারেন্স বা প্রয়োজনীয় চিঠি এলে নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেবে।
সম্প্রতি নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সরকার ও কমিশনের মধ্যে সমন্বয়ের ভিত্তিতেই কার্যক্রম চলছে। চলতি বছরের অক্টোবরকে লক্ষ্য রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি জানান, নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি, সরকারি পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনা করে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।











