সিএনজি স্টেশন বন্ধের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক :কমিশন বৃদ্ধি ও পরিচালন ব্যয় কমানোর দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে দেশের সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সিএনজি স্টেশন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনটি জানায়, আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী একদিনের প্রতীকী ধর্মঘট পালন করা হবে। ওই কর্মসূচির পরও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে।
সিএনজি স্টেশন মালিকদের অভিযোগ, ২০১৫ সাল থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রির কমিশন ৮ টাকায় স্থির রয়েছে। কিন্তু এর মধ্যে বিদ্যুৎ, শ্রমিক খরচ, ব্যাংক সুদ, ডলারের মূল্য বৃদ্ধি ও সার্বিক পরিচালন ব্যয় অনেক বেড়েছে।
তারা দাবি করেছেন, বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে জ্বালানির দাম বাড়লে কমিশন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করার ব্যবস্থা চালু, অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বন্ধ এবং সরকারি বিভিন্ন ফি কমানোর দাবিও জানিয়েছেন।
সংগঠনের নেতারা বলেন, সিএনজি খাতের কমিশন বাড়ানোর বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি। তাদের দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে একাধিকবার বিষয়টি তুলে ধরেও তারা প্রত্যাশিত সমাধান পাননি।
তারা আরও জানান, সিএনজি খাতে প্রায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে এই খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
সিএনজি মালিকদের পক্ষ থেকে সরকারের কাছে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি তৈরি না হয়।