ভিডিও পাঠিয়ে সালমান খানকে বিয়ের প্রস্তাব
ক'দিন আগেই তাঁর জন্য কেঁদে ভাসিয়েছিল এক খুদে। জানিয়েছিল ‘আই লাভ ইউ’। এবার আর এক খুদে প্রেমিকা সরাসরি জানাল, সে সালমান খানকে বিয়েই করতে চায়। প্রেমিকার বয়স মাত্র ৩ বছর। নিজের টুইটার প্রোফাইলে এই ভিডিও পোস্ট করেছেন সালমান নিজেই। নিত্যা নামের এ খুদে কথা বলছে তার মায়ের সঙ্গে। মায়ের প্রশ্নের উত্তরে সরাসরি জানিয়েছে, সালমানকে সে বিয়েই করবে। কিন্তু বিয়ের মানে কি সে বোঝে? তার বিন্দাস উত্তর, বিয়ের মানে হ্যাপি বার্থ ডে। সালমান খানকে যে তার ভালো লাগে, এবং তাকে সে বিয়ে করবে এ দাবি বার বার বলে প্রতিষ্ঠিত করে নিত্যা। জানায় সে ‘হাজব্যান্ড’ মানে কে হয়, তা জানে। এমনকি বাবা যে মায়ের ‘হাজব্যান্ড’ হয় তাও সে জানে। এরপর মায়ের কথাতেই ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের সঙ্গে একটু নেচেও দেখিয়ে দেয়। দাবাং ছবিতে সালমানের গোঁফ ছিল, কিন্তু তার গোঁফ ভালো লাগে না। এবং সে জানে, ওটা সিনেমা ছিল মাত্র, সত্যি সত্যি সালমান খান গোঁফ রাখে না। চার মিনিটের এ ভিডিও দেখে আপ্লুত সালমান খান। তবে প্রতিক্রিয়ায় একটা স্মাইলি দিয়ে জানিয়েছেন, 'কী মিষ্টি'।
সূত্র: কলকাতা











