বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উগ্রবাদে ছাড় নয়, দুর্নীতিতেও কঠোর সরকার: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদকে সরকার কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতি দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট এবং এ বিষয়ে বিরোধী দলেরও সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, দুর্নীতি দেশের অন্যতম বড় সমস্যা। স্বৈরশাসনের সময় প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও পেশাদার ও দক্ষ বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়। প্রতিহিংসার পরিবর্তে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এমন বাংলাদেশ গড়ার লক্ষ্য রয়েছে, যেখানে নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় এবং অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক।

মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকারদের তালিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে এ কাজে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। তাই গ্রহণযোগ্য ও নির্ভুল তালিকা প্রণয়নে সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

অর্থনীতি নিয়ে তিনি বলেন, ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একীভূত করে ভবিষ্যতে একটি ইউনিভার্সেল কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। জনগণের অংশগ্রহণ ও জাতীয় ঐক্যের মাধ্যমে উন্নয়নের ধারা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। পাশাপাশি জনগণের দেওয়া নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী ৩১ দফা কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, সংসদে মতভিন্নতা থাকবে, তবে তা কখনোই শত্রুতায় পরিণত হওয়া উচিত নয়। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য অটুট থাকলে বাংলাদেশকে গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।