৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ১৪, ২০২৬
অনলাইন ডেস্ক : ২০২৭ সালের হজযাত্রী পরিবহনে জনপ্রতি ৯৮ হাজার টাকা বিমান ভাড়ার প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে আসন্ন হজ মৌসুমে যাত্রী পরিবহন করতে চায় বেসরকারি এই বিমান সংস্থাটি।
মঙ্গলবার (১৪ জুলাই) ২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, ইউএস-বাংলার প্রস্তাব হজের বিমান ভাড়া কমানোর আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখবে। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
ইউএস-বাংলা তাদের চিঠিতে জানিয়েছে, স্বল্প খরচে হজ পালনের সুযোগ তৈরি করতে হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত মেনে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় যাত্রী পরিবহনে তারা আগ্রহী।
এর আগে ২০২৬ সালের হজে বিমান ভাড়া ছিল জনপ্রতি ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। হজ প্যাকেজের বড় একটি অংশই বিমান ভাড়ায় ব্যয় হয়ে থাকে।
বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে তারা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছেন। ইউএস-বাংলার প্রস্তাব নিয়েও সংশ্লিষ্ট সভায় আলোচনা করা হবে।
এদিকে ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে।
ধর্ম সচিব বলেন, হজের খরচ কমানোর বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিমান ভাড়া নিয়ে একাধিক প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা তৈরি হলে তা হজযাত্রীদের জন্য ইতিবাচক হবে।