তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক : দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নতুন উদ্যোগ গড়ে তোলা সহজ নয়, তবে সরকার উদ্যোক্তাদের পাশে থেকে তাদের এগিয়ে যেতে সহায়তা করবে।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন কিছু করার ইচ্ছা থাকলে কঠিন পথও অতিক্রম করা সম্ভব। উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তবে সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের পথপ্রদর্শক ও সহায়ক হিসেবে কাজ করা হবে। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
তারেক রহমান বলেন, তরুণ উদ্যোক্তারা শুধু নিজেদের ভবিষ্যৎ গড়ছেন না, বরং দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
বক্তব্যে তিনি নিজের জীবনের নানা প্রতিকূলতা ও সংগ্রামের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, কঠিন সময়ের মধ্য দিয়েই এগিয়ে আসতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতা থেকেই তরুণদের ধৈর্য ধরে নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ এবং স্টার্টআপ খাতের অগ্রগতি দেখে তার আস্থা আরও বেড়েছে। তিনি বিশ্বাস করেন, আগামী প্রজন্মের নেতৃত্বেই বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।











