অনলাইন ডেস্ক : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চারজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন।
আদালতের রায়ে সাইফুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক) এবং অর্জুন লস্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অপর একটি ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত উল্লেখ করেন, দুটি সাজা একসঙ্গেই কার্যকর হবে।
অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় রবিউল হাসান (ইসলাম), মাহফুজ রহমান মাসুম, মো. আইনুদ্দিন (আইনুল) এবং মিসবাউল ইসলাম (রাজন)কে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার আগে বিচারক ৯১ পৃষ্ঠার পর্যবেক্ষণ পাঠ করেন। এর আগে গত ৮ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ১৪ জুলাই রায়ের দিন নির্ধারণ করেছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট ২৫ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে ভুক্তভোগী তরুণী ও তার স্বামী, তদন্ত কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এমসি কলেজের একজন অধ্যাপক এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকও ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববিবাহিত এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর স্বামী আটজনকে আসামি করে মামলা করেন। ঘটনার তিন দিনের মধ্যে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে সবাই গ্রেপ্তার হয়। তদন্ত শেষে ২০২১ সালের ৩ ডিসেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।