এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ১৪, ২০২৬
অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সড়ক অবরোধ করে তারা অবস্থান নিলে দুই লেনের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে একই দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দেওয়ার পর তারা মিছিল নিয়ে সিএনবি মোড় হয়ে জিরোপয়েন্টে গিয়ে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে এবং সব শিক্ষা বোর্ডে একই সময়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তারা প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগও তুলে ধরেন।
পদ্মা সরকারি কলেজের পরীক্ষার্থী শান্ত সরদার বলেন, বন্যার কারণে অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখা প্রয়োজন।
আরেক পরীক্ষার্থী মো. তাহা অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর কিছু বক্তব্য শিক্ষার্থীদের কষ্ট দিয়েছে। তিনি বলেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সড়ক অবরোধের কারণে যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে হয়। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।
শিক্ষার্থীরা আরও জানান, বৈরী আবহাওয়া ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনেক পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি সারাদেশে পরবর্তী পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্র আরও সহজ করার দাবিও তোলা হয়।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি তারা সমর্থন জানাচ্ছেন এবং আন্দোলনের পাশে থাকবেন।
এদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের পরিস্থিতি বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হচ্ছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটিই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।