মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতির কারণে চলমান পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং কোথাও কোনো অনিয়ম বা সমস্যা হলে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী জানান, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকারও উদ্বিগ্ন ছিল। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুকূল আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্রে বন্যার পানি প্রবেশের খবর পাওয়া গেলে দ্রুত স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকল্প কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে এমন পরিস্থিতি তৈরি হলেও দ্রুত সমাধান করে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, প্রশাসনের অবহেলার কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিশেষ ব্যবস্থা নেওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনে অন্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে আ ন ম এহছানুল হক মিলন বলেন, আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। তিনি আশ্বস্ত করেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার