রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন খাত থেকে প্রত্যাশিত হারে রাজস্ব আদায় না হওয়া এবং লক্ষ্যমাত্রার বিপরীতে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটি লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৩ হাজার কোটি টাকা রাজস্ব আহরণে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছে এনবিআর।
এ অবস্থায় মাঠ পর্যায়ের কমিশনারেটগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে রাজস্ব ঘাটতির কারণ জানতে চাওয়া হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে রাজস্ব আদায় বাড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এনবিআরের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ বাজারের অস্থিরতা এবং কর আদায় প্রক্রিয়ার বিভিন্ন জটিলতার কারণে রাজস্ব আহরণ ব্যাহত হচ্ছে। তবে অনিয়ম ও কর ফাঁকি রোধে মাঠ পর্যায়ে জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে চায় সংস্থাটি।
তাদের মতে, শুধু নোটিশ দিয়ে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব নয়। কর ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, করদাতার হয়রানি বন্ধ এবং করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হলে রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি এনবিআর থেকে ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব, চট্টগ্রামসহ বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বরাবর একাধিক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে মুসক (ভ্যাট) অনুবিভাগের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। গত অর্থবছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, অধিকাংশ পণ্য ও সেবা খাতে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় রয়েছে। তথ্য বিশ্লেষণে প্রায় সব খাতেই রাজস্ব আদায়ের হার আগের বছরের তুলনায় আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার চিত্র উঠে এসেছে।
রাজস্ব আদায়ে পিছিয়ে থাকা পণ্য খাতের মধ্যে রয়েছে সয়াবিন তেল, ইলেকট্রনিক পণ্য, প্লাস্টিক ব্যাগ, সিরামিক ও ইটজাত পণ্য, বৈদ্যুতিক ফ্যান ও যন্ত্রাংশ, রাবার পণ্য এবং স্টিল সামগ্রী। সেবা খাতের মধ্যে রয়েছে নির্মাণ প্রতিষ্ঠান, জুয়েলারি (গোল্ড ও সিলভারস্মিথ), তৈরি পোশাক খাত, অডিট ও অ্যাকাউন্টিং ফার্ম, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, কনসালটিং ও সুপারভাইজরি প্রতিষ্ঠান এবং ডেকোরেটর ও ক্যাটারিং সেবা প্রতিষ্ঠান।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কয়েকটি খাতে গত বছরের তুলনায় রাজস্ব আদায় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমেছে। দেশের উন্নয়ন কার্যক্রমে রাজস্বের গুরুত্ব বিবেচনায় নিয়ে এই ঘাটতির কারণের সুনির্দিষ্ট ও যৌক্তিক ব্যাখ্যা দিতে কমিশনারেটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী দিনে রাজস্ব আহরণের গতি বাড়াতে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কী ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে, সে বিষয়েও জরুরি ভিত্তিতে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। জানা গেছে, একই ধরনের চিঠি আয়কর বিভাগের বিভিন্ন কর অঞ্চলকেও পাঠানো হয়েছে।
রাজস্ব আয়ে রেকর্ড ৯৩ হাজার কোটি টাকার ঘাটতি
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়ে এনবিআর। সংশোধিত বাজেটে সংস্থাটির জন্য পাঁচ লাখ তিন হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হলেও আদায় হয়েছে চার লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯২ হাজার ৬১০ কোটি টাকা, যা প্রায় ৯৩ হাজার কোটি টাকার সমান।
এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী, আয়কর খাতে এক লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে এক লাখ ৪২ হাজার ৮২৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৭৬ দশমিক ৭ শতাংশ। ভ্যাট খাতে একই লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে এক লাখ ৫৫ হাজার ৯৪০ কোটি টাকা বা ৮৩ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে শুল্ক খাতে এক লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে এক লাখ ১১ হাজার ৬২৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশের কিছু বেশি।
এর আগে অর্থবছর শেষ হওয়ার আগে এনবিআর প্রায় ৮৮ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির পূর্বাভাস দিয়েছিল। তখন সংস্থাটি মোট রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা হতে পারে বলে ধারণা করেছিল। তবে অর্থবছর শেষে প্রকৃত ঘাটতি সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।











