বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ১৩, ২০২৬
অনলাইন ডেস্ক : রাজধানীর কদমতলীর শনির আখড়ায় বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা এ বি এম রেজাউল করিমের (৬২) মৃত্যু হয়েছে।
রোববার রাতে শনির আখড়ার ছাপড়া মসজিদ ব্যাংক কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক ছিলেন।
নিহতের স্বজন মো. বাকি জানান, বৃষ্টির পানিতে বাসার নিচে পানি জমে ছিল। ওই পানি নিষ্কাশনের জন্য রোববার রাতে তিনি পানির মোটর চালু করতে যান। এ সময় প্লাস্টিকের পাইপ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।