জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল
অনলাইন ডেস্ক : টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে যান চলাচল নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
ট্রাফিক বিভাগ জানায়, বনানী কবরস্থানের পর ঢাকা গেট এলাকায় সড়কের দুই পাশে পানি জমে যাওয়ায় যানবাহনের গতি কমে গেছে। এছাড়া বনানী-কাকলী উড়ালসড়কের প্রবেশপথেও জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।
যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমে থাকা এবং ঢাকা ওয়াসার পাইপলাইনের কাজ চলায় ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
অন্যদিকে ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে ইসিবি এলাকায় পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে মাটিকাটা উড়ালসড়কমুখী যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই চালকদের প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।











