অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে এই কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আগের সরকারের প্রণীত বাজেট কার্যকর ছিল, যেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। তবে নতুন বাজেটে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করা হয়েছে।
তিনি বলেন, প্রথম ধাপে গ্রামের খেটে খাওয়া, অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরবর্তী পাঁচ বছরে ধাপে ধাপে দেশের সব পরিবার এই সুবিধার আওতায় আসবে। এতে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় সাত হাজার পরিবার উপকৃত হবে।
নারীর ক্ষমতায়নের বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন থাকলে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। দল-মত, ধর্ম ও পেশা নির্বিশেষে সবাইকে উন্নয়নের এই যাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পর এদিন প্রথমবার বরিশাল সফরে যান তারেক রহমান। সফরের শুরুতে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের সূচনা করেন। পাশাপাশি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের দ্বিতীয় পর্বে বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরবর্তী সাগরদী খালপাড়ে আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ারও কর্মসূচি রয়েছে।