রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
অনলাইন ডেস্ক : দেশের রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী জানান, গত ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজে পাঠানো তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।
তিনি বলেন, অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের হার কমানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ছিল ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি এবং অভ্যন্তরীণ ঋণ ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি টাকা।
তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে সরকার মোট ৪ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে ৩ বিলিয়ন ডলার মূল ঋণ এবং ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে।
এছাড়া অর্থমন্ত্রী জানান, গত পাঁচ বছরে আমদানিকৃত পণ্যের বিপরীতে বকেয়া শুল্ক ও করের পরিমাণ ২৫ হাজার ৫০৪ কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বকেয়া ৩ হাজার ৯১২ কোটি টাকার মধ্যে চলতি বছরের জুন পর্যন্ত ৫৯০ কোটি টাকা আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।











