প্রথমবার বরিশাল সফরে প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন। তার আগমনকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলেম-ওলামাদের সঙ্গেও মতবিনিময় করার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার তালিকায় রয়েছে বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্প। এর মধ্যে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো বিষয়গুলো নিয়ে ঘোষণা আসার আশা করছেন তারা।
স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, প্রচার কর্মসূচি ও গণসংযোগ চলছে। দলীয় কার্যালয়গুলোতেও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রাজনৈতিক নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, দক্ষিণাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলে এ অঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।











