অনলাইন ডেস্ক : চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ১৩৬ দশমিক ৮ মিলিমিটার।
সকালে নগরীর চকবাজার, বাকলিয়া, রাহাত্তারপুল ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা যায়। পানির মধ্য দিয়েই যানবাহন চলাচল করছে। কর্মজীবী মানুষকে ছাতা ও বৃষ্টির পোশাক পরে গন্তব্যে যেতে দেখা গেছে।
জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দিয়েছে। যাত্রীদের অভিযোগ, যানবাহন পাওয়া গেলেও অনেক চালক অতিরিক্ত ভাড়া দাবি করছেন।
আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।
এদিকে, টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রামের ১৫টি উপজেলা ও মহানগর এলাকায় বিপুলসংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্যোগে বিভিন্ন উপজেলায় এবং নগরীতে পানিতে ডুবে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর আগে জুলাই মাসে এক দিনে গত ৪৩ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়, যার ফলে নগরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিল। নতুন করে ভারী বৃষ্টিতে আবারও একই পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাতকানিয়া ও বাঁশখালীসহ কয়েকটি এলাকায় পানিবন্দি মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি করছে।