চট্টগ্রামে বন্যা: ত্রাণ বাড়লেও দুর্ভোগ কাটেনি
অনলাইন ডেস্ক : টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারার বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে রয়েছে।
বন্যার পানিতে টানা তিনদিন আটকে থাকলেও অনেক দুর্গত পরিবার শুরুতে ত্রাণ সহায়তা পায়নি। বিদ্যুৎ বিচ্ছিন্নতা, বিশুদ্ধ পানির সংকট, খাদ্যাভাব এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় লাখো মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। কেউ আশ্রয়কেন্দ্রে, আবার কেউ উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন।
ত্রাণ সংকটের বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম জোরদার করে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ বিতরণ চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় ইঞ্জিনচালিত নৌকায় করে চাল, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানিসহ জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। উদ্ধার অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজও চলছে।
এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে জরুরি ত্রাণ বিতরণ করেছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও বাঁশখালীর বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন।
স্থানীয়দের অভিযোগ, শুরুতে প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তা খুবই কম ছিল। তবে শনিবার থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবুও অনেক পরিবার এখনও ঘরবাড়ি হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের কোনো দুর্গত মানুষ যাতে সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।











