চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত মানুষের সহায়তা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী দ্রুত মানবিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।
মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগকবলিত এলাকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতির সার্বক্ষণিক তদারকি, আশ্রয়কেন্দ্র পরিচালনা, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছানো, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জরুরি উদ্ধার কার্যক্রম জোরদার করা।
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় ইতোমধ্যে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানানো হয়েছে।
জিআর কর্মসূচির আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় খাবার পানি, স্যানিটেশন, চিকিৎসাসেবা, শিশুখাদ্য ও খাবার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের দুর্গত এলাকায় অবস্থান করে মানুষের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নেওয়া ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজ চলছে।
চট্টগ্রাম-দোহাজারী রেলপথকে ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি থেকে রক্ষা করতে রেললাইন উঁচু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৪৭ কিলোমিটার রেলপথের উচ্চতা বৃদ্ধির কাজের দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, সরকারের দ্রুত সিদ্ধান্ত, সমন্বিত উদ্যোগ ও মানবিক প্রচেষ্টার মাধ্যমে চলমান দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে। দুর্গত মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।











