শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হৃদয়ের ব্যাপারে আর কোন কথা বলতে চাই না’

news-image

IFrameঅভিনয় নিয়েই ব্যস্ত আছেন আলোচিত মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া

এখন কি নিয়ে ব্যস্ত আছেন?
টিভি নাটকেই বেশি সময় দিচ্ছি। বিশেষ করে ঈদের নাটক। এই কয়েকদিন টানা কাজ চলছে। আজও শুটিং। কথা বলার সুযোগটিও পাচ্ছি না। 

সম্প্রতি মালয়েশিয়া গিয়েছিলেন…
হ্যাঁ, কাজ করতে করতে অনেক হাঁপিয়ে উঠেছিলাম। বেড়ানোটা খুব জরুরী ছিল। তাই কিছুদিন ঘুরে আসলাম। শিগগিরই আবার যাচ্ছি। এবার বেড়াতে নয়, শুটিংয়ের কাজে। 

ধারাবাহিক নাটকে কি কি কাজ করছেন?
এখন ‘অপূর্বা’, ‘নন স্টপ’ নামের দুটি নাটকে অভিনয় করছি। এর একটি মাছরাঙা অন্যটি বৈশাখী টিভিতে প্রচার চলছে। আর রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ‘গন্তব্য নিরুদ্দেশ’ নামের একটি নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। চলতি বছরের শুরুর দিকে থাইল্যান্ড থেকে নাটকটির শুটিং শেষ করে এসেছি। 

বিজ্ঞাপনের কাজের কি অবস্থা?
এখন আপাতত মডেলিংয়ের কোন কাজ হাতে নেই। হাতে নেই বললে ভুল হবে। প্রস্তাব রয়েছে কিন্তু করছি না। 

কেন, কোন সমস্যা?
এখন বিজ্ঞাপন আগের মতো মানসম্মত মনে হয় না। তাই করি না। তেমন পেলে অবশ্যই করবো। 

নাটকে তো নিয়মিত অভিনয় করছেন। এখনকার নাটকের মান নিয়ে আপনার মূল্যায়ন কি?
এখন অনেক ভাল ভাল নাটক হচ্ছে। শুধু খ- নাটকের কথা যদি বলি, তাহলে গল্প অনেক ভাল হচ্ছে। নির্মাণশৈলীও ভাল। নতুন ও পুরনো মিলিয়ে সব নির্মাতাই চেষ্টা করছেন ভাল কিছু দর্শকের সামনে তুলে ধরতে। সবশেষে বলা যায় নাটকের মান দিন দিন উন্নত হচ্ছে। 

ধারাবাহিকের ধারাবাহিকতা থাকে না বলে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়।  এ ব্যাপারে আপনি কতটুকু একমত?
এটা ঠিক। একটি নাটক কিছু পর্বের প্রচার হলে গল্পটা কোথায় যেন হারিয়ে যায়। এটা ঠিক কি কারণে হয় বুঝতে পারি না। আরেকটা সমস্যা আছে, দেখা যায় নাটকের কিছু কাজ শেষ করলাম ছয় মাস আগে। আবার বাকি কাজ নতুন করে শুরু হয়। এক্ষেত্রে মনোযোগ নষ্ট হয়ে যায়। কাজটা এমনিই ভাল হয় না। 

বেশি বিজ্ঞাপন প্রচারের কারণেও নাটকের দর্শক হারাচ্ছে-এমন মন্তব্যও অনেকের…
হ্যাঁ, বিষয়টির সঙ্গে আমি পুরোপুরি একমত। একজন শিল্পী হিসেবে নয় দর্শক হিসেবে যদি বলি, অতিমাত্রায় বিজ্ঞাপন প্রচার হয় বলে নাটক দেখা থেকে দর্শক সরে যান। বিদেশী সিরিয়ালের দিকে ঝোঁকেন। এক্ষেত্রে আমাদের নাটকগুলো মুখ থুবড়ে পড়ে। তবে বিষয়টি খুব বেশি জটিল নয়। এখান থেকে বেরিয়ে আসার উপায় রয়েছে। এজন্য সবার ভাবনার জায়গা এক হলেই যথেষ্ট। বিশেষত সব চ্যানেল কর্তৃপক্ষ যদি এগিয়ে আসেন তাহলে অচিরেই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। 

চলচ্চিত্রে আসার ব্যাপারে কিছু ভেবেছেন?
না, আমি চলচ্চিত্রে আসার ব্যাপারে কখনোই কিছু ভাবিনি। আর কোন পরিকল্পনা নেইও। নাটকে অভিনয়ের মধ্যেই থাকতে চাই। এখানে একেকটি চরিত্রের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। আগে অভিনয়টা শখের বশে করতাম। এখন এটা পেশা হিসেবে নিয়েছি। আর তাই পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চাই। 

বিচ্ছেদের পর হৃদয় খানের সঙ্গে যোগাযোগ হয়েছে আর?

দেখুন, আমি এ বিষয়ে কোন কথা বলতে চাই না। যে যেভাবে আছে সুখে থাকুক। ভাল থাকুক। আমিও ভাল আছি। আরও ভাল থাকতে চাই। তাই হৃদয়ের ব্যাপারে আর কোন কথা বলতে চাই না। 

শোনা গেছে, আপনি নতুন করে ঘর বাঁধার পরিকল্পনাও করেছেন?
এটা একটা ‘তথাকথিত অনলাইন’ পত্রিকার ছড়ানো গুজব। নিজেদের লাইক বাড়ানোর জন্য আমাকে জড়িয়ে এ গুজব ছড়িয়েছে। আর তাদের সম্পর্কে আমি জানিও না। পরে তো জাতীয় দৈনিকগুলোতে এটি গুজব ছিল বলে বেশ কিছু সংবাদ প্রকাশ হয়েছে।

নতুন করে বিয়ে, সংসার এসব নিয়ে কি কোন পরিকল্পনা করছেন না?
আসলে এ বিষয়ে আমার কোন ভাবনা নেই। এখন আমি পুরোপুরি কাজে মনোনিবেশ করেছি। আরও নাটকের কাজে ব্যস্ত থাকতে চাই। আর আগামী তিন/চার বছরের মধ্যে বিয়ে নিয়ে নতুন কোন পরিকল্পনা নেই। তাছাড়া বিষয়টি আমার পরিবারের ওপর ছেড়ে দিয়েছি।