মালয়েশিয়া থেকেই বিদেশ সফর শুরু কেন, জানালেন মাহ্দী আমিন
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ২২, ২০২৬
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার পেছনে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ক কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
সোমবার তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
মাহ্দী আমিন বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথম অভিনন্দন জানানো বিশ্বনেতাদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম অন্যতম ছিলেন। এ কারণে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে মালয়েশিয়া সফর করেছিলেন এবং তার সময় থেকেই বাংলাদেশি জনশক্তি রপ্তানির নতুন অধ্যায় শুরু হয়। পরে বেগম খালেদা জিয়াও প্রধানমন্ত্রী থাকাকালে মালয়েশিয়া সফর করে দেশটির উন্নয়ন অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছিলেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবেই বর্তমান প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফর মালয়েশিয়া দিয়ে শুরু করেছেন বলে উল্লেখ করেন তিনি।
মাহ্দী আমিন জানান, প্রচলিত বড় আকারের প্রতিনিধিদলের পরিবর্তে প্রধানমন্ত্রী সীমিত সংখ্যক সদস্য নিয়ে সফরে অংশ নিয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
তিনি আরও জানান, সরকারি প্রতিনিধিদলে মোট ২৩ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পর্যায়ের ১০ জন প্রতিনিধি আছেন। পাশাপাশি নিরাপত্তা, প্রটোকল ও গণমাধ্যম-সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একাধিক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথমে দুই নেতার একান্ত বৈঠক এবং পরে সীমিত ও সম্প্রসারিত পরিসরে প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা হয়। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশি প্রতিনিধিদল মধ্যাহ্নভোজে অংশ নেয়। সফরের একপর্যায়ে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মাহ্দী আমিন বলেন, উচ্চপর্যায়ের এসব বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।