অনলাইন ডেস্ক : দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের সংগঠন Digital Media Forum (ডিএমএফ) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। তিন বছর পূর্ণ করে সংগঠনটি এখন চতুর্থ বর্ষে পদার্পণ করল।
সম্প্রতি সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য, উপদেষ্টা পরিষদের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং কর্পোরেট পর্যায়ের অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমএফ-এর প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, ডিজিটাল গণমাধ্যমের বিকাশে প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা এবং দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই। তিনি সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে প্রশিক্ষণ, উদ্ভাবন ও গণমাধ্যমের মানোন্নয়নে কাজ করার কথা জানান।
তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে এবং গণমাধ্যম খাতে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে কাজ করবে।
সভায় জানানো হয়, আগামী এক বছরের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে ৫০০ জন দক্ষ গণমাধ্যমকর্মী তৈরির পরিকল্পনা রয়েছে ডিএমএফ-এর।
এছাড়া অনুষ্ঠানে ঘোষণা করা হয়, ‘ডিজিটাল মিডিয়া ফোরাম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। শিগগিরই এ পুরস্কারের বিস্তারিত ও আবেদন প্রক্রিয়া জানানো হবে।
অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বড় চ্যালেঞ্জ হলেও ডিএমএফ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুন প্রতিষ্ঠিত এই সংগঠনটি ডিজিটাল সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পেশাগত উন্নয়নে কাজ করে আসছে।