শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ১৮, ২০২৬
অনলাইন ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাছ আমদানির ওপর শুল্ক বাড়ানোর পর ভারত থেকে মাছ আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে বেনাপোল স্থলবন্দরে। অতিরিক্ত শুল্কের কারণে আমদানিকারকরা লোকসানের আশঙ্কায় নতুন করে মাছ আমদানি স্থগিত করেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মাছ আমদানির মোট শুল্ক প্রায় ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করেছে। এতে কেজিপ্রতি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বাজারে মাছের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, আগে প্রতি কেজি মিঠা পানির মাছ আমদানিতে ৮৬ টাকা ১০ পয়সা শুল্ক দিতে হতো, যা এখন বেড়ে ১৩১ টাকা ৬০ পয়সা হয়েছে। একইভাবে সামুদ্রিক মাছ ও রুই জাতীয় মাছের ক্ষেত্রেও কেজিপ্রতি শুল্ক বৃদ্ধি পেয়েছে।
বেনাপোলের মাছ আমদানিকারকরা বলছেন, দেশে ভারতীয় মাছের চাহিদা থাকলেও বাড়তি করের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় তারা পিছিয়ে যাচ্ছেন। এতে বাজারে সরবরাহ কমে দাম আরও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে।
বেনাপোল কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের ১১ মাসে আগের বছরের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। নতুন শুল্কনীতির কারণে আমদানি আরও কমে গেলে রাজস্ব ঘাটতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে বন্দর কার্যক্রমেও এর প্রভাব পড়েছে। শ্রমিক ও পরিবহন শ্রমিকরা জানান, গত কয়েক দিন ধরে মাছবোঝাই ট্রাক কমে যাওয়ায় কাজের সুযোগ কমে গেছে।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক হার পুনর্বিবেচনা না করা হলে মাছ আমদানি আরও কমে যাবে, যার প্রভাব সরাসরি বাজার, ব্যবসা ও রাজস্ব আয়ে পড়বে।