বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ

news-image

অনলাইন ডেস্ক : প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে এবার দেশের ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ভবিষ্যতে এই অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে অন্তত ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ২০ জুন জাতীয় আর্মি স্টেডিয়ামে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমান-এর।

মাহদী আমিন বলেন, শিক্ষা কার্যক্রমকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতা, নেতৃত্ব ও প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এ বছরের ফুটবল প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজারের বেশি বিদ্যালয় থেকে প্রায় ১১ লাখ ছাত্র ও ১১ লাখ ছাত্রী অংশ নিয়েছে। তারা গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে পৌঁছেছে।

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের খেলাধুলা ও প্রতিভা বিকাশের বিষয়গুলো বেশি করে তুলে ধরলে তারা আরও উৎসাহিত হবে। প্রথম বছরেই ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত হওয়াকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

শিক্ষাব্যবস্থায় নতুন পরিবর্তনের কথাও জানান এই উপদেষ্টা। তার ভাষ্য, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে চায় সরকার।

এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন’ নামে দুটি নতুন বিষয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা, আনন্দময় শিক্ষা ও কর্মমুখী জ্ঞান অর্জনের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মাহদী আমিন আরও জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা নিয়ে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ১২ হাজার দল অংশ নিয়েছে, যেখানে প্রায় ৩৬ হাজার শিক্ষার্থী ও ২৪ হাজার শিক্ষক যুক্ত রয়েছেন। আগামী ২৯ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষানির্ভর নয়, বরং নৈতিকতা, নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও বাস্তব জীবনের দক্ষতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার পাঠ্যক্রমে বিভিন্ন পরিবর্তন আনছে। পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান, বিতর্ক, উদ্যোক্তা উন্নয়ন ও বৃক্ষরোপণের মতো কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর