অনলাইন ডেস্ক : প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় অভিযুক্ত অপর তিনজনের জামিন মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে বিচারক জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী জামিন পান।
আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন জানান, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তার দাবি, একটি মিডিয়া প্রতিষ্ঠানের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিরোধের জের ধরে প্রতিশোধমূলকভাবে এ মামলা করা হয়েছে। তিনি আদালতে বলেন, আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বা প্রতারণার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এবং তারা তদন্তে সহযোগিতা করবেন।
এর আগে গত ১০ মে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও নথি জালিয়াতির অভিযোগে জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন সৈয়দ আসাদুজ্জামান।
মামলার শুনানির জন্য আদালত আসামিদের ১৭ জুন হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত দিনে তারা উপস্থিত না হওয়ায় বুধবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং মেয়ে সারাফ নাওয়ার জয়ীতা।