সম্পর্কের ভাঙনে নারীরা বেশি কষ্ট পান, কিন্তু…
সম্পর্কের ভাঙন যে সবাইকেই কষ্ট দেয় তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু গবেষণায় দেখা গেছে, প্রেম বা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর নারী এবং পুরুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বিংহ্যামটন বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক দল গবেষক ৯৬টি দেশের ৫ হাজার ৭০৫ জন অংশগ্রহণকারীর ওপর এ গবেষণা পরিচালিত করেন। এদের সবার গড় বয়স ২৭ বছর। অংশগ্রহণকারীদের ৭৫ শতাংশ সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা পেয়েছেন। এদের অনেকেই আবার একই অভিজ্ঞতা কয়েকবার পেয়েছেন। গবেষণায় দেখা গেছে, সম্পর্কের ভাঙনে নারীরা মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েন বলেই দাবি করেন। অথবা তাদের আবেগ বেশি প্রতিক্রিয়াশীল থাকে। তবে নারীদের ব্যক্তিত্ব এবং চারিত্রিক বৈশিষ্ট্যভেদে আবেগ প্রকাশের ধরন ভিন্নতর হয়। বড় একটি অংশের মনে রাগ, দুশ্চিন্তা, ভয় এবং বিষণ্নতা ভর করে। এ ক্ষেত্রে পুরুষদের বড় একটি অংশ বোধশক্তিহীন হয়ে পড়েন। সবকিছুর প্রতি তাদের অনুভূতি নিষ্ক্রিয় হয়ে পড়ে। যেকোনো বিষয়ে প্রতি মনোযোগ হারিয়ে ফেলেন এবং বহু চেষ্টাতেও মনোযোগ ফিরিয়ে আনতে পারেন না।
গবেষণায় আরো বলা হয়, নারীরা বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন ঠিকই, কিন্তু সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে তারাই বেশি অগ্রসর হন। নারীদের ৩৯ শতাংশ নিজ সিদ্ধান্তে সম্পর্ক নষ্ট করেছেন। অন্যদিকে, পুরুষদের ৩৭ শতাংশ সম্পর্ক শেষের জন্যে দায়ী। প্রেমিক জুটি বা দম্পতিদের ২৪ শতাংশ উভয়ের সিদ্ধান্ত সম্পর্কের ইতি টানেন। গবেষণায় অংশ নেওয়া পুরুষদের মাত্র ২৮ শতাংশ সম্পর্কে ভাঙনের জন্যে নিজের সিদ্ধান্তকে দায়ী করেছেন। অন্যদিকে, ৪৭ শতাংশের সম্পর্ক নষ্ট হয়েছে প্রেমিকা বা স্ত্রীর সিদ্ধান্তের কারণে। অবশেষে গবেষণায় এ প্রমাণ মেলে যে, সম্পর্ক শেষ হলে নারীদের আবেগ বেশি প্রতিক্রিয়াশীল হলেও তারাই আগে এ কাজে এগিয়ে যান।
তা ছাড়া কোন কারণে সবচেয়ে বেশি সম্পর্ক নষ্ট হয় তাও দেখা চেষ্টা করেন গবেষকরা। এতে যোগাযোগের অভাব বড় ধরনের কারণ বলে উঠে আসে। সূত্র : এমএসএন











