প্রবীর সিকদারের জামিন মঞ্জুর
সাংবাদিক প্রবীর সিকদারের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল ১১টার দিকে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে তাঁকে হাজির করা হলে বিচারক হামিদুল ইসলাম তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
সাংবাদিক প্রবীর সিকদারের পক্ষের আইনজীবী আলী আশরাফ নান্নু জামিনের কপি নিয়ে জেলগেটে গিয়েছেন। এরপর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর এই সাংবাদিককে পরিবারের সদস্যদের কাছে হন্তান্তর করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক প্রবীর সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তিন দিনের পুলিশ হেফাজতে রিমান্ড দেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম তাঁর রিমান্ড মঞ্জুর করেন।
গত রবিবার রাতে আটক করা হয় সাংবাদিক প্রবীর সিকদারকে। আটকে পর তাঁকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরেরদিন সোমবার কোতোয়ালি থানার পুলিশ প্রবীর সিকদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত ওইদিন তাঁকে ফরিদপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার ওই আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে তাকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রবীর সিকদারের মুক্তি দাবিতে সাংবাদিকরা গতকাল বিভিন্ন কর্মসূচি পালন করেন। মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার তাকে কারাগারে পাঠায় আদালত। ‘আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামের ওই স্ট্যাটাসে তিনি লিখেন- “আমি খুব স্পষ্ট করেই বলছি, নিচের ব্যক্তিবর্গ আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য দায়ী থাকবেন : ১. এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ২. রাজাকার নুলা মুসা ওরফে ড. মুসা বিন শমসের, ৩. ফাঁসির দ-াদেশ প্রাপ্ত যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার ওরফে মাওলানা আবুল কালাম আজাদ এবং এই তিন জনের অনুসারী-সহযোগীরা।”
এই লেখার মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ তুলে মামলাটি করেন আইনজীবী স্বপন পাল। মন্ত্রী মোশাররফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই। প্রবীর শিকদার গত বছরই প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে চীনে গিয়েছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাবাসহ পরিবারের ১৪ জনকে হারিয়েছেন প্রবীর সিকদার। বর্তমানে তিনি ‘বাংলা ৭১′ নামের একটি পত্রিকা ও ‘উত্তরাধিকার ৭১′ নামে অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে রাজধানীর ইন্দিরা রোডে নিজের কার্যালয় থেকে শেরে বাংলানগর থানার পুলিশ তাঁকে আটক করে। পরে পথেই তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে পুলিশ। ডিবি সদস্যরা তাঁকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যান। ওই রাতেই ফরিদপুর কোতোয়োলি থানায় তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেন ফরিদপুরের এপিপি ও জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার পাল। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয় ।











