জাতীয় পরিচয়পত্র ঘিরে দালাল চক্র
হারানো পরিচয়পত্র নতুন করে তুলতে বগুড়া থেকে জান্নাত আক্তার এসেছেন ঢাকার আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন ভবনে অবস্থিত জাতীয় পরিচয়পত্র অনুবিভাগে। সেখানে পৌঁছাতেই বেলা এগারোটা পার হয়ে যায় তার। এরপর
পরিচয়পত্রের জন্য আবেদন ফরমের জন্য দাঁড়িয়ে থাকেন এক ঘণ্টারও বেশি সময়। বেলা বারোটা বাজতে ফরম বিতরণ বন্ধ করে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফরমের জন্য আগামীকাল আবারও আসতে হবে তাকে। কিন্তু ঢাকায় থাকার জায়গা না থাকায় এক ধরনের বিপাকে পড়েছেন তিনি। জান্নাত আক্তার বলেন, আমার কোলে একটা বাচ্চা রয়েছে। শহরে আমার কোন আত্মীয়স্বজনও নেই। এখন কোথায় থাকবো বুঝতে পারছি না। শুধু জান্নাত আক্তারই নন, প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা এমন অনেকেই পড়ছেন এ ধরনের ভোগান্তিতে। অনেকে পরিচয়পত্র না তুলেই ফিরে যাচ্ছেন। তবে এই ভোগান্তির সমাধান অল্প কিছু সময়ের মধ্যেই দিতে পারেন ভবনের নিচে বসে থাকা কয়েকজন দালাল। সেক্ষেত্রে কার্ড প্রত্যাশীকে গুণতে হবে মাত্র ১২শ টাকা। জিডি করা না থাকলে আরও ৩০০ টাকা। ফরমের দাম ১০ টাকা এবং লিখে দিতে লাগবে আরও ৩০ টাকা। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, বিনামূল্যে বিতরণ করতে হয় এ ফরম। তাছাড়া হারানো পরিচয়পত্র ফিরে পেতে সময় লাগার কথা একদিন। কিন্তু দালালরা সাধারণ মানুষদের বোঝান স্বাভাবিক নিয়মে আবেদন করলে ১৫ দিনের মতো সময় লাগবে। আর তাদের মাধ্যমে করলে তাৎক্ষণিক পেয়ে যাবে পরিচয়পত্র। সেক্ষেত্রে ১২টা বা ১টার পরেও গেলে কোন সমস্যা নেই। একজন ভুক্তভোগী প্রশ্ন রেখে বলেন, সাধারণ মানুষকে ১২টার পরে ফরম দেয় না কর্মকর্তারা। কিন্তু দালালরা কিভাবে পায়? জানা গেছে, তাৎক্ষণিকভাবে পরিচয়পত্র বের করার জন্য এ দালালদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র অনু বিভাগের টেকনিক্যাল ও যাচাই বিভাগের কর্মকর্তাদের সম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে যোগসাজশ করেই দালালরা তাদের কাজ আদায় করে নেয়। অবশ্য এর সত্যতাও মিলে একজন গার্ডের কর্মকাণ্ডে। তিনি ইশারা-ইঙ্গিতে দালালদের কাছ থেকে ফরম সংগ্রহ করতে উৎসাহিত করেন লাইনে অপেক্ষমাণদের। ইসলামিক ফাউন্ডেশনের ৭ম তলায় অবস্থিত পরিচয় পত্র অনুবিভাগের সামনে সার্বক্ষণিক দুজন গার্ড দায়িত্ব পালন করেন। বেলা ১২টায় গিয়ে তাদের একজনের কাছে ফরম নেয়ার ব্যাপারে সহযোগিতা চাইলে তারা বলেন, নিচে চলে যান, সেখানে ফরম পাওয়া যায়। ইসলামিক ফাউন্ডেশনের নিচে রাস্তার পাশে ফুটপাতে চেয়ার টেবিল নিয়ে বসে থাকেন কয়েকজন দালাল। প্রতিদিন সকাল ৯টার আগেই চলে আসেন তারা। তাদের টেবিলের ওপরে থাকে হারানো ও সংশোধনের আবেদন ফরম। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় এসব দালালদের প্রত্যক্ষ কার্যক্রম। এদের মধ্যে রয়েছে, জামাল (৪০), শুভ (২৭), আরিফ (২৮), আমির (৪০), মো. মোশাররফ (৩০), সুমন (২৬) ও মধ্যবয়সী একজন মহিলা। ভুক্তভোগী সেজে এই প্রতিবেদকের কথা হয় দালাল জামালের সঙ্গে। জামাল জানান, ১২০০ টাকা দিলে আজকের মধ্যে পরিচয়পত্র দিতে পারেন তিনি। এছাড়া জিডির বিষয়ে তিনি বলেন, ওই যে থানা দেখতেছেন, এটা আমাদের থানা। পরিচয়পত্র ইতালি হারাইলে সমস্যা নেই জিডির ব্যবস্থা আমি করবো- তবে আমাকে দিতে হবে ৩০০ টাকা। স্বাভাবিক নিয়মে পরিচয়পত্র পেতে হয় কিভাবে জানতে চাইলে দালাল সুমন বলেন, স্বাভাবিক, অস্বাভাবিক নেই। সরাসরি উঠাতে গেলে ১৫ দিন সময় লাগবে। আর আমি বিকালের মধ্যে আপনাকে দিয়ে দিবো। জামালের মতো তারও দাবি মাত্র ১২শ টাকা। জানা গেছে, দালালদের নিজেদের মধ্যেই চুক্তি রয়েছে টাকার অঙ্কের ব্যাপারে। ভুক্তভোগীদের অভিযোগ, দালালচক্রকে সুবিধা দিতেই ৯টা থেকে ১২টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টা ফরম বিতরণ করেন কর্মকর্তরা। যেন লাইনে দাঁড়িয়ে ফরম না পেলে দালালদের কাছে যেতে হয়। কারণ, বিনামূল্যের পরিচয়পত্রের জন্য ১২শ টাকা নেয় যে দালালরা, তার থেকে কর্মকর্তারাও ভাগ পান। এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় পত্র অনুবিভাগের অপারেশন্স ও প্রশাসন বিভাগের পরিচালক মহসিন আলী কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি মহাপরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। শুধু হারানো পরিচয়পত্র নয়, এমন অবস্থা পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রেও। দালালদের টাকা দিলে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই নির্দিষ্ট সময়ের আগে সংশোধিত পরিচয়পত্র পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সব সরকারি অফিসে দালালদের উৎপাত থাকলেও এই অফিসের চিত্র ছিল ভিন্ন। মাত্র কিছুদিন আগেও দালালদের প্রভাবমুক্ত ছিল জাতীয় পরিচয়পত্র অনু বিভাগ। কিন্তু এখন দালালরা আখড়া পেতেছে এই অফিসেরই কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে।











