শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা বিআরডিবির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা ॥ অরক্ষিত উপজেলা কমপ্লেক্স

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডে অবস্থিত সদর উপজেলা বিআরডিবির গুদামের পাশের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। গত ঈদুল ফিতরের ছুটির সময় অফিস বন্ধ হয়ে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা সীমানা প্রাচীরটি ভেঙ্গে ফেলে। এতে সম্পূর্ন অরক্ষিত হয়ে পড়ে সদর উপজেলা কমপ্লেক্স। এ ঘটনায় বুধবার সদর উপজেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তারা দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার দাবি জানান।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসনাত মোর্শেদ ভূইয়া, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মরিয়ম দিলশাদ মনি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রায়সহ কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, একটি প্রভাবশালী ভূমি ব্যবসায়ী সিন্ডিকেট বিআরডিবির গুদামের পূর্বপাশের একটি পুকুর কিনে সেখানে হাউজিং প্রকল্প করার চেষ্টা করছে। ওই চক্রটি ওই জায়গায় যাওয়ার জন্য উপজেলা কমপ্লেক্সের বাউন্ডারীর ভেতরের পূর্বপাশ দিয়ে একটি রাস্তা করতে চায়। কিন্তু এতে বাঁধ সাধেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন তাদের কার্যালয়ের নিরাপত্তার স্বার্থে কিছুতেই রাস্তা দিতে রাজী নয়।
জানা গেছে,  দুর্বৃত্তরা মাস খানেক আগে বিআরডিবিরি একটি গেইট রাতের বেলা ভেঙ্গে ফেলে। সম্প্রতি ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকার সুযোগে ওই চক্রটি বিআরডিবির গুদামের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের একাংশ ভেঙ্গে ফেলে। এতে সম্পূর্ন অরক্ষিত হয়ে যায় পুরো উপজেলা কমপ্লেক্স।
এ ব্যাপারে সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুবুল আলম বলেন, দুস্কৃতিকারীরা সম্প্রতি রাতের বেলা তাদের সীমানা পাচীর ভেঙ্গে ফেলেছে। কিছুদিন আগে ওই চক্রটি রাতের আঁধারে তাদের একটি গেইট ভেঙ্গে ফেলে। তিনি বলেন, বিষয়টি তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসকে অবহিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় তিনি মামলাও করবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম বলেন, দুস্কৃতিকারীরা যতই শক্তিশালী হউক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, আমি সীমানা প্রাচীর ও ভেঙ্গে ফেলা গেইটটি দ্রুত পুনঃ নির্মান করার নির্দেশ দিয়েছি।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।