তপশিল মধ্য নভেম্বরে, কেউ না এলেও নির্বাচন হবে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনের তপশিল এবং ভোট গ্রহণের সম্ভাব্য সময় জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনের তপশিল হবে নভেম্বরের মাঝামাঝি বা তার আগে। আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।’
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে একাধিক নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে তপশিল ঘোষণা করা হবে।
নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিএনপি। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, ‘সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ নয়, উচ্চ আদালত বাদ দিয়েছেন। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না। কেউ আসুক আর না আসুক, তার জন্য অপেক্ষা করা হবে না।’
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, অবরোধ আর দখলের হুমকি দিয়ে ক্ষমতার খায়েশ পূরণ হবে না। জ্বালাও-পোড়াওয়ের হুমকি আসছে। পরিত্রাণ পেতে একজনই আছেন, তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
সড়ক পরিবহন আইন শিথিলে পরিবহন মালিক-শ্রমিকদের দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, এই সংসদের মেয়াদে আর সময় নেই। অপেক্ষা করতে হবে জানুয়াবি পর্যন্ত। যারাই নির্বাচনে জিতে আসবে, তারা সংযোজন, বিয়োজন ও সংশোধন বিবেচনা করতে পারবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে টানা ১২ বছর দায়িত্ব পালন করা ওবায়দুল কাদের বলেন, ‘ভুলত্রুটি হতে পারে। তবে ভালো করতে চেষ্টা করেছি, দুর্নীতি কমাতে চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি।’











