‘এত নেতিবাচক প্রশ্ন করছেন কেন? ’
পপিএক সময়ের জনপ্রিয় নায়িকা পপি। এরই মধ্যে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গত কয়েক বছর ধরে ঈদে এই অভিনেত্রীর বড় পর্দায় দেখা নেই বললেই চলে। তবে ছোটপর্দার জন্য তিনি ঠিকই কাজ করছেন। এবারের ঈদের নাটকেও অভিনয় করেছেন তিনি। রোববার সন্ধ্যায় কথা হলো তাঁর সঙ্গে। কয়েক বছর ধরে ঈদে কোনো না কোনো নাটকে আপনাকে দেখা যাচ্ছে। এবারের ঈদে কয়টি নাটকে অভিনয় করেছেন? পপিআমি অভিনয়শিল্পী। অভিনয় করাটাই আমার প্রধান কাজ। হোক না তা ছোটপর্দা কিংবা বড়পর্দা। গল্প পছন্দ হলে আমি যেকোনো মাধ্যমেই কাজ করতে রাজি। এবারের ঈদে দুটি নাটকে অভিনয় করেছি। একটির নাম ‘লাভ স্পিড’ আর অন্যটি ‘ভালোবাসায় দুজনায়’। জি এম সৈকতের পরিচালনায় প্রথমটিতে আমার সহশিল্পী আমিন খান আর পরেরটিতে পরিচালক হাসান জাহাঙ্গীর নিজে অভিনয় করেছেন। একটা সময় ঈদ এলেই সিনেমা মুক্তি পেত। এ নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হতো। কয়েক বছর ধরেই সেই চিত্রটা দেখা যায় না। ঈদে বড় পর্দায় আপনার কোনো ছবি মুক্তি না পাওয়া নিয়ে মন খারাপ হয় কি? কখনোই মন খারাপ হয় না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হিরোইন হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি অভিনেত্রী হতে চেয়েছি। তাই আমার কাছে বড় পর্দা ছোট পর্দা নিয়ে কোনো হা-হুতাশ কাজ করত না। ছবির কাজ নিয়ে যখন ব্যস্ত ছিলাম, তখন শুধু ছবির কাজই করেছি। এখন যেহেতু ছবির ব্যস্ততা কম তাই নাটকে কাজ করছি। আমি নায়িকা-আমাকে সব সময় অভিনয় করতে হবে, এই ধরনের কোনো প্রতিযোগিতা কখনো আমার মধ্যে ছিল না। আমার মধ্যে যা কাজ করত, তা হচ্ছে ভালো কাজ করব। কিন্তু আমার এখনকার কাজ না করার মূল কারণ হচ্ছে, ভালো কাজই হচ্ছে না। পুরো চলচ্চিত্রে সেই অর্থে ভালো কাজই নাই। এর মানে আপনি বলতে চাচ্ছেন, এখন ভালো মানের কোনো ছবি নির্মিত হচ্ছে না? আমি জোর গলায় বলতে পারি, এখন আপ টু দ্য মার্ক কোনো ছবি হচ্ছে না। তা ছাড়া, আমাদের দেশে ডিজিটাল পদ্ধতিতে যেসব সিনেমা হচ্ছে সেগুলো আদতে নাটক হচ্ছে। আমি মনে করি, ফিল্মের আলাদা একটা ভাষা আছে, মেকিংয়ের ক্ষেত্রেও আছে অন্যরকম একটা ব্যাপার। ফিল্মের স্ক্রিনিং সিস্টেমটাই তো অন্যরকম। ফিল্ম শব্দটাও তো আলাদা। আরেকটা কথা, এখন নারীপ্রধান চরিত্রের কোনো ছবিও হয় না। সেটা কেমন? আমি সব সময় ভিন্নধর্মী গল্প আর ভালো নির্মাণের সঙ্গে থাকতে চেয়েছি। আমাদের সময়ে এবং তারও আগে নারীপ্রধান চরিত্র নিয়ে ছবি বানানো হতো। শাবানা ম্যাডামের সময় আমরা এসব অনেক দেখেছি। আমিও কিন্তু অনেক নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করেছি। সে ধরনের ছবিতে কাজ অনেক বেশি সুযোগ থাকে। সেই ধরনের ছবি এখন আর হচ্ছে না। এই ধরনের গল্পের ছবি বানানোর মতো নির্মাতাও নেই। কি বলেন! বর্তমান সময়ে মাহির মতো অভিনেত্রীকে প্রাধান্য দিয়ে তো ছবি বানানো হচ্ছে। এটাকে তাহলে আপনি কী বলবেন? মাহিকে নিয়ে যেসব ছবি হচ্ছে সেটা তো আর পুরো ইন্ডাস্ট্রি না। একেবারে হাতেগোনা। সে একটা প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে ব্লকড্। আমি তো ব্লকড্ হয়ে কাজ করছি না। আমি সব সময় সবার সঙ্গে কাজ করেছি। মাহিকে নিয়ে যারা ছবি বানাচ্ছে তারা একটা-দুইটা ছবি বানাচ্ছে। এর বাইরে তো অন্যরা ছবি বানাচ্ছে না। তারাও যদি ছবি বানাত তাহলে আমাদের নিয়েও চিন্তা করত। এখন আর সেই নির্মাতাও নেই। তাই ভালো কাজের প্রস্তাবও নাই। আমি অবশ্য সামনে যে ছবিটির কাজ করব সেটাও নারীপ্রধান চরিত্র। ভালো কাজের প্রস্তাব পেলেই তো কাজ করতে আনন্দ পাই। আপনি বলছেন, ভালো মানের নির্মাতা এখন নেই… পপিনারী প্রধান চরিত্র নিয়ে ভালো ছবি যাঁরা বানাতেন তাঁরা এখন আর ছবি বানাচ্ছেন না। অন্যদিকে এখন আর এই ধরনের গল্প নিয়ে কাজ করার মতো কোনো নির্মাতাও নেই। যদিও থাকে সেটা খুব কমসংখ্যক। আমজাদ হোসেন ছবি বানাচ্ছেন না। খান আতার মতো নির্মাতা তো আমাদের মাঝে নেই।
কিন্তু সারা জীবন তো খান আতা কিংবা আমজাদ হোসেনরাই ছবি বানাবেন না। নতুনরা আসবেন, নতুনরা কাজ করবেন—এটাই তো স্বাভাবিক, নাকি? সময়ের সঙ্গে সবাইকে মানিয়েও নিতে হয়, তাই নয় কী? নতুনরা আসবে, কিন্তু তাঁদের তো ভালো কিছু তৈরি করতে হবে। পুরোনো যেসব গুণী নির্মাতা ছিলেন, তাঁদের যোগ্য অনুসারীও তৈরি হতে পারেনি। এটা ঠিক যে, নতুনরা নতুনদের মতোই কাজ করে যাচ্ছে। কিন্তু দর্শকেরা এত বেশি অ্যাডভান্সড হয়েছে যে, তাঁদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। আমাদের দেশের দর্শকদের রুচি অনুযায়ী সে ধরনের নির্মাতা নেই এটা আমি শতভাগ নিশ্চিত। আপনার কথায় হতাশার সুর বাজছে? ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থা আমাকে অনেক বেশি ভাবায়। মাঝে-মধ্যে হতাশও হই। তবে, আমার ক্যারিয়ার নিয়ে কখনোই হতাশ না। বরাবরই আমার টার্গেটটাই হচ্ছে ভালো কিছু কাজ করা। কিন্তু প্রত্যেক দিন ভালো কাজ হবে, এটা ভাবাটা মোটেও ঠিক না। প্রত্যেক দিন ভালো গল্প হবে, প্রত্যেক দিন ভালো সিনেমা হবে-এটা ভাবাটা মোটেও ঠিক হবে না। আপনি এক সময় শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করতেন। এখন অবশ্য আপনার শুটিংয়ের ব্যস্ততা তেমনটা নেই বললেই চলে। শুটিংয়ের সেই ব্যস্ত সময়টা কি মিস করেন? আপনি এত বেশি নেতিবাচক প্রশ্ন করছেন কেন? শুরু থেকেই আপনি আমাকে নেতিবাচক প্রশ্নই করছেন। যাই হোক, আমি একসময় হিরোইন হিসেবে কাজ করতাম। তখন দেখে-শুনে-বুঝে কাজ করতাম। আমার মনে হয় না, শিল্পীদের পিক-অফপিক টাইম বলতে কিছু আছে। আমির খান, শাহরুখ খান, সালমান খান, মাধুরী, কারিনা কাপুর কি প্রতিদিন শুটিং করে? তাঁরা কি স্টার-সুপারস্টার না? হলিউডে এমন অভিনয়শিল্পীও আছে, যারা ৮-১০ বছর বিরতির পরও কাজ করছে। তার মানে কী, আমি মানুষের মন থেকে হারিয়ে যাব? নিয়মিত সিনেমার কাজ না করলেও আমি কিন্তু ব্যস্ত। অভিনয় করাটাই আসল ব্যস্ততা না। পরিবারকে সময় দিচ্ছি। আমার কাজ নিয়ে কোনো আফসোস নেই। আমি সব সময়, ধীরে চলো নীতিতে বিশ্বাসী। আস্তে আস্তে যাব এবং ভালো জায়গায় যাব। আর সেখান থেকে নিচে নামব না। আমি এখনো সেভাবেই চলছি।











