রণবীরের জন্মদিনে লন্ডনে দীপিকা
রণবীর সিং-দীপিকা পাড়ুকোনগতকাল ৬ জুলাই ছিল রণবীর সিংয়ের ৩০তম জন্মদিন। কাছের বন্ধুদের নিয়ে জন্মদিন উদ্যাপনের পরিকল্পনা করলেও সে অনুষ্ঠানে থাকতে পারবেন না দীপিকা পাড়ুকোন-এমন খবরই প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যমগুলো। তবে শেষ পর্যন্ত জন্মদিনে ঠিকই প্রেমিক রণবীরকে সঙ্গ দিয়েছেন দীপিকা। তা-ও আবার লন্ডনে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, ৬ জুলাই সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেখা যায় রণবীর ও দীপিকাকে। প্রেমিকা ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলে জন্মদিন উদ্যাপনের জন্যই রণবীরের এই লন্ডন সফর। ‘বাজিরাও মাস্তানি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন রণবীর। প্রচণ্ড পরিশ্রম করে কাজ করছেন তিনি। কাজের প্রতি তাঁর নিষ্ঠা দেখে মুগ্ধ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালী। এ জন্য জন্মদিনের উপহার হিসেবে ছবির শুটিং শিডিউল থেকে রণবীরকে চার দিনের ছুটি দেন বানশালী। রণবীর এই ছুটিকে পুরোপুরি কাজে লাগিয়ে জন্মদিন উদ্যাপনের জন্য পরিবারের সদস্যদের নিয়ে লন্ডন উড়াল দেওয়ার পরিকল্পনা করেন। ৬ জুলাই সকালে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামেন। সেখানে রণবীরের সঙ্গে দীপিকাকেও দেখতে পান এই জুটির ভক্তেরা।











