মা-মেয়ের নাচ ও গান
ঈদের 'ইত্যাদি'র গান ও নাচ মানে বাড়তি আয়োজন। এবার এ আয়োজনে গান পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমিন ও তার মেয়ে বাধন। গানের তালে নৃত্য পরিবেশন করেছেন সাদিয়া ইসলাম মৌ ও তার মেয়ে পুষ্পিতা। এবারই প্রথম ইত্যাদিতে যেমন গান পরিবেশন করলেন সাবিনা ও বাঁধন। ঠিক তেমনি মৌ ও পুষ্পিতাও এবারই প্রথম নাচ পরিবেশন করলেন। জানা গেছে, সব সময় যে ধরনের নাচ ও গানের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত। এ গানটি এবং নাচটি তার চেয়ে ব্যতিক্রমী। গানের সঙ্গে নাচের এক অপূর্ব সমন্বয় করা হয়েছে। 'সপ্ত স্বরের শিখা আমি, নতুন আলো জ্বেলে দিলাম' মোহাম্মদ রফিকউজ্জামান কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। যৌথভাবে নৃত্য পরিচালনা করেছেন ফারহানা চৌধুরী বেবী ও সাদিয়া ইসলাম মৌ। নৃত্যে মৌ ও পুষ্পিতার সঙ্গে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের একদল নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। এটি ঈদের পরদিন রাত সাড়ে ৮টায় প্রচার হবে।











