এবার ঈদে নিজের নাটকগুলো দেখব
বিনোদন প্রতিবেদক : ঈদকে ঘিরে শিল্পীদের ব্যস্ততা কেমন হয়ে থাকে, তা এবার ভালোই আঁচ করতে পারছেন সাবিলা নূর। গত ঈদে মাত্র একটি নাটকে কাজ করেছিলেন। কিন্তু এবার থাকছে তাঁর পাঁচটি নাটক। এই এক বছরে শুধু সাবিলার নাটকের সংখ্যাই বেড়েছে, নাকি বেড়েছে অভিনয় নিয়ে তাঁর সচেতনতাও? এক বছরের হিসাব-নিকাশ নিয়ে কথা বললেন তিনি—
গত ঈদে আপনার একটি নাটক প্রচার হয়েছিল। এবারের ঈদে খবর কী?
গত বছরের নাটকটির নাম ছিল ইউটার্ন। ঈদে আমার প্রথম নাটক ছিল এটি। তবে এবার বাকরখানি, সিকান্দার বক্স এখন রাঙামাটিতে, টিনটিন, বিয়ের কয়েক দিন আগে ও চুপ।
এর মধ্যে কোনো কাজ করতে গিয়ে কি আলাদা করে খাটতে হয়নি?
হয়েছে। বাকরখানি নাটকের জন্য বেশ খাটতে হয়েছে। নাটকে আমি বিজলী নামে পুরান ঢাকার একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমাকে এই চরিত্রের জন্য ঢাকাইয়া ভাষায় কথা বলতে হয়েছে। কিন্তু এভাবে কথা বলায় তো আমি অভ্যস্ত নই। তাই পরে ইউটিউব দেখে দেখে ঢাকাইয়া ভাষায় কথা বলা শিখেছি। নাটকের সেটেও অনেকের সঙ্গে কথা বলে ঢাকাইয়া ভাষা আয়ত্ত করেছি।
টেলিভিশনে কি নিজের এই ঈদের নাটকগুলো দেখবেন?
অবশ্যই। এবার আমার অভিনীত এতগুলো নাটক প্রচার হবে। আমার খুব ভালো লাগছে। ঈদের সময় বাসায় বসে বসে নিজের নাটকগুলো তো দেখবই।
চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা নেই?
আছে। তবে এখনই না। এর মধ্যে কয়েকজন পরিচালক ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। আমি রাজি হইনি।
এত কাজের ফাঁকে সাবিলার ব্যক্তিজীবন কেমন কাটছে?
নর্থ সাউথবিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়ছি। দ্বিতীয় সেমিস্টার চলছে। কাজের বাইরে পড়ালেখাকে সবচেয়ে বেশি প্রাধান্য তো দিতেই হয়।
সাক্ষাৎকার: শফিক আল মামুন











