ফেইসবুকে অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহারের সুযোগ
প্রযুক্তি ডেস্ক : ফেইসবুকে অ্যাকাউন্ট না থাকলেও মেসেঞ্জার ব্যবহারের সুযোগ চালু করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। ফলে যেকোনো মোবাইল ব্যবহারকারী বার্তা বিনিময়ের এই জনপ্রিয় অ্যাপটি ব্যবহার করতে পারবেন। নতুন এ সুবিধা চালুর জন্য অ্যাপটিতে যোগ করা হয়েছে ‘নট অন ফেইসবুক?’ অপশন সুবিধা। এতে ক্লিক করে মোবাইল নম্বর এবং নিজের ছবি দিয়ে বন্ধুদের সঙ্গে বার্তা বিনিময় করা যাবে। আর ফেইসবুকে অ্যাকাউন্ট থাকা ব্যক্তিরা আগের মতোই ‘লগ ইন উইথ ফেইসবুক’ অপশন কাজে লাগিয়ে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ফেইসবুক ব্যবহারকারীদের গণ্ডি পেরিয়ে আরো বেশি মানুষের কাছে মেসেঞ্জার অ্যাপটি পৌঁছে দেওয়ার পাশাপাশি অ্যাপটিকে স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে এ উদ্যোগ নিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
বছরের শুরু থেকেই অ্যাপটির ব্যবহারকারী বৃদ্ধি করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে ফেইসবুক। মার্চে অ্যাপটিতে অন্য প্রতিষ্ঠানের তৈরি (থার্ড পার্টি) অ্যাপ যোগের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বার্তা বিনিময়ের জন্য তৈরি হলেও পরবর্তী সময়ে এতে ভিডিও কল করার সুবিধা চালু করে ফেইসবুক কর্তৃপক্ষ।











