ভারী বর্ষণ ও জোয়ারে চট্টগ্রামে পানিবদ্ধতা
নিম্নচাপ কেটে গেলেও বাংলাদেশ ও এর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় ও জোরালো অবস্থায় রয়েছে। এ কারণে বন্দর নগরীসহ বৃহত্তর চট্টগ্রাম ও সমুদ্র উপকূলীয় অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকালসহ (মঙ্গলবার) টানা দু’দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণের সাথে প্রবল সামুদ্রিক জোয়ারে চট্টগ্রামে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়ায় চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙ্গরে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। বর্ষণ ও জোয়ারে হাঁটু সমান কাদা-পানিতে দফায় দফায় তলিয়ে গেছে মহানগরী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা। নিচু এলাকার কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিঘিœত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গতকাল বিকাল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরীতে ১১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামসহ সমগ্র উপকূলীয় অঞ্চলের ঘনকালো মেঘে ঢাকা আকাশ জানান দিচ্ছে আরও ভারী বর্ষণের। আজও (বুধবার) দমকা থেকে ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল দুপুরের পর বর্ষণ কমলেও জোয়ারের চাপ থাকায় অধিকাংশ জায়গা থেকে কাদা-পানি সরে যেতে পারেনি। চাক্তাই খাতুনগঞ্জ সওদাগরী পাড়াসহ নগরীর নিচু এলাকায় শত শত দোকান-পাট, গুদাম, আড়ত, মোকাম, ওয়্যারহাউস ও বসতঘর কাদা-পানি-আবর্জনায় সয়লাব হয়ে গেছে। এসব এলাকার লোকজনকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। অতিবর্ষণের কারণে বৃহত্তর চট্টগ্রামের পাহাড়-টিলাময় এলাকায় পাহাড় ধসের আশংকাও দেখা দিয়েছে। ইতোমধ্যে নগরীর পাহাড়-টিলা থেকে অর্ধশতাধিক অধিক ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসতঘর উচ্ছেদ করেছে প্রশাসন। আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমি বায়ু জোরদার থাকায় উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয় ও জোরালো প্রভাবে দমকা থেকে ঝড়ো হাওয়ার সাথে অব্যাহত বর্ষণে গতকাল চট্টগ্রাম সমুদ্র বন্দরে, বহির্নোঙ্গরে আমদানি ও রফতানিমুখী পণ্যসামগ্রী খালাস ও ওঠানামার কাজ অনেকাংশে ব্যাহত হয়। বহির্নোঙ্গরে পণ্যসামগ্রীর লাইটারিং খালাস কাজ চলেছে আংশিকভাবে। বন্দর কার্যক্রমের সাথে সম্পর্কিত শিপিং, কাস্টমস, সিএন্ডএফ, ফ্রেইড ফরোয়ার্ডার, পরিবহনসহ বিভিন্ন খাতে পড়েছে বিরূপ প্রভাব। এদিকে দু’দিনের বর্ষণে গতকাল বন্দরনগরীর মুরাদপুর, ষোলশহর, শুলকবহর, কাতালগঞ্জ, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, চাক্তাই, রাজাখালী, চান্দগাঁও, হালিশহর, সাগরিকা, আগ্রাবাদসহ অধিকাংশ সড়ক, মোড়, অলিগলি, কাঁচাবাজার হাঁটু সমান কাদা-পানিতে সয়লাব হয়। অনেক জায়গায় যানবাহন চলাচল বন্ধ থাকে। আবার কোথাও কোথাও পানিবদ্ধতার কারণে সৃষ্টি হয় যানজট। আবহাওয়া দপ্তর সূত্র জানায়, ভারতের ঊড়িষ্যা এবং এর সংলগ্ন এলকায় অবস্থানরত আগের নিম্নচাপ থেকে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এলকায় অবস্থান করছে। বর্ষাবাহী মৌসুমি বায়ুমালা বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে জোরালো অবস্থায় রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পেতে পারে।











