দেশে কারাবন্দি ৫০২ বিদেশি
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বাংলাদেশের কারাগারে ৫০২ জন বিদেশি নাগরিক আটক রয়েছেন।
তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে একথা বলেন। খবর বাসসের
মন্ত্রী বলেন, ‘আটককৃত বিদেশি নাগরিকদের মধ্যে মিয়ানমারের সর্বাধিক ২৩৭ জনের মধ্যে কয়েদি ৯ জন, চারাধীন ২০৮ জন এবং মুক্তিপ্রাপ্ত ২০ জন।’ প্রতিমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের পরই দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় নাগরিক বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন। ভারতের ২০২ জনের মধ্যে কয়েদি ৪৩ জন, বিচারাধীন ১০৩ জন এবং মুক্তিপ্রাপ্ত ৫৬ জন।’
তিনি জানান, এছাড়া পাকিস্তানের ৪৩ জনের মধ্যে কয়েদি ৮ জন, বিচারাধীন ৩৩ জন এবং মুক্তিপ্রাপ্ত ২ জন। নেপালের ২ জনই মুক্তিপ্রাপ্ত। তানজানিয়ার ৩ জনের মধ্যে কয়েদি ২ জন, বিচারাধীন ১ জন। নাইজেরিয়ার ১০ জনই বিচারাধীন এবং মালয়েশিয়ার ১ জন বিচারাধীন, ক্যামেরুনের ২ জন বিচারাধীন, পেরুর ১ জন বিচারাধীন এবং আলজেরিয়ার ১ জন বিচারাধীন। সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনাক্তপূর্বক তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ রেড অ্যালার্ট জারি করা হয়।’ রেড অ্যালার্ট নোটিশটি ইন্টারপোল সদরদফতরসহ এর সদস্যভুক্ত সব দেশে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) অবহিত করা হয়েছে বলে তিনি জানান।











