‘১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া, তারেক জিয়ার কথায় বিএনপি চলে কিনা সন্দেহ’
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : আগামী ১০ ডিসেম্বরের পর দেশ খালেদা জিয়া ও তারেক জিয়ার কথায় চলবে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। এর জবাবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া, তারেক জিয়ার কথায় বিএনপি চলে কিনা সেটিই সন্দেহ। আজ শনিবার মাদারীপুরের শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ১০ তারিখের পর নাকি খালেদা জিয়ার কথায় বাংলাদেশ চলবে। আমরা কয়েকটা দিন অপেক্ষা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় যে (খালেদা জিয়া) জেলের পরিবর্তে বাসায় আছে। তার কথায় নাকি প্রশাসনসহ সব চলবে। বলারও একটা কথা থাকে। সেই ক্ষমতা অর্জন করতে হয়।’
চিফ হুইপ বলেন, ‘জাতির পিতা স্বাধীনতার আগে বলেছিলেন- তার কাছে সেই ক্ষমতা ছিল। সে মানুষকে সেভাবে তৈরি করেছিল। এই ধরনের কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে বিএনপি। ১০ তারিখের পরে সরকার চলবে তো দূরের কথা ওনার কথায় দল চলে কিনা সেটাই সন্দেহ হচ্ছে। বিএনপি ১০ তারিখের পরে তাদের কথা মতো চলবে কিনা? ছেলের কথায় চলবে, নাকি মায়ের কথায় চলবে সেটা দেখার জন্য ১০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
জাতীয় পার্টির চলমান টানাপোড়েন নিয়ে নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আগামীকাল সংসদ বসবে। জাতীয় পার্টিতে ভাবি-দেবরের গন্ডগোল চলছে। এক চেয়ার নিয়ে গন্ডগোল শুরু করছে। ওই চেয়ারে কাল ভাবি বসবে না দেবর বসবে? এটা হলো ১৯৮৬ সালে যে পাপ করছিল-১৯৮৮ সালে যে অন্যায় করছিল। ট্রাকচাপা দিয়ে ছাত্র মারছিল তার ফল। সেই পাপ কখনো বাপেরে ছাড়ে না।’
তিনি আরও বলেন, ‘এরশাদ সাহেবের পাপ তার দলের মধ্যে এসে গেছে। এমন অবস্থায় গেছে এতদিন আওয়ামী লীগের সঙ্গে জোটে থেকে একটা জায়গা ছিল, বিরোধীদলে ছিল। এবার এমন অবস্থা শুরু করছে এরশাদের ভাই শেষ পেরেকটা মেরে দিচ্ছে। আগামী নির্বাচনে হ্যারিকেন দিয়ে জাতীয় পার্টিকে খুঁজতে হবে। আওয়ামী লীগের দয়ায় কিছু আসনে সংসদে আসার সুযোগ হয়েছে। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির কোন নেতা এমপি হবে, কোন আসনে হবে বলুক তো।’
মতবিনিময় সভা শেষে চিফ হুইপ ঘূর্নিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ করাসহ কয়েকটি বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চেীধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।











