শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব বাবা দিবসে ঘরে নবজাতক এলেও পিতা বিজিবি নায়েক এখনো মিয়ানমারের বন্দিদশায়

news-image

বিজিবির নায়েক আবদুর রাজ্জাকের অপহরণের পর পাঁচদিন পরেও তাকে ফেরত আনতে পারেনি বিজিবি। মিয়ানমারের পক্ষ থেকেও তাকে ফেরত দেয়া হয়নি। পতাকা বৈঠক নিয়েও চলছে টালবাহানা। এরই মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে (বিজেপি) কয়েকদফা চিঠি দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে, গতকাল রোববার রাজ্জাকের স্ত্রী জন্ম দিয়েছেন এক ছেলে সন্তান। বাবা দিবসে নতুন পুত্র সন্তানের বাবা হলেও সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না আব্দুর রাজ্জাক। পুত্রসন্তান জন্ম দেয়ার পর স্বামীকে কাছে না পেয়ে স্ত্রী আসমা বেগম শুধুই কাঁদছেন। তার কান্না দেখে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। এ ছেলে সন্তান জন্ম দেয়ার আনন্দের মুহূর্তটুকু ম্লান হয়ে গেছে রাজ্জাককে কাছে না পেয়ে। পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে অজানা আতঙ্ক। তাদের প্রিয় মানুষটিকে কখন ফিরে পাবেন এ অপেক্ষায় আছেন। অপহৃত বিজিবি নায়েক আব্দুর রাজ্জাকের নাটোরের সিংড়ার বাড়িতে এখন শুধুই কান্নার রোল। ছেলের ছবি বুকে জড়িয়ে ধরে তার মায়ের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। রাজ্জাকের পরিবারের সদস্যদের একটিই দাবি তাকে দ্রুত উদ্ধার করা হোক।। বৈঠক হবে হচ্ছে এই আশ্বাসের মধ্যেই ঘুরপাক খাচ্ছে গোটা বিষয়টি। এদিকে, মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী সে দেশের মিডিয়াকে বলছেন, বিজিবি সদস্য আবদুর রাজ্জাক অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছে। অবৈধ অনুপ্রবেশের অপরাধে আইন মোতাবেক তার বিচার হবে। আইন অনুয়াযী তার ৫ বছরের কারাদ- হতে পারে। জানা যায়, জেলার সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রামের তোফাজ্জল হোসেন তারা মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে ২১ বছর আগে তৎকালীন বিডিআর-এ যোগ দেন। বার্মা সীমান্তে কর্মরত থাকা অবস্থায় গত বুধবার মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাকে অপহরণ করে নিয়ে যায়। এ খবর পাওয়া পর থেকে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। পরিবারের সদস্যদের অভিযোগ, রাজ্জাক অপহৃত হওয়ার পর বিজিবি তাদের কিছু জানায়নি। গণমাধ্যমে ছেলের হাত-পা বাঁধা ছবি দেখে তারা এ ঘটনা জানতে পারেন। অপহরণের পর বিজিবির সিও ফোন করে তাদের জানান, পতাকা বৈঠক করে একদিনের মধ্যেই রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারের কোনো ব্যবস্থাই তারা দেখতে পাচ্ছেন না। এ অবস্থায় তারা উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাচ্ছেন। এদিকে, রোববার ১১টার দিকে রাজ্জাকের স্ত্রী আসমা বেগম আর একটি ফুটফুটে পুত্রসন্তান প্রসব করেন। অথচ এই খুশির মুহূর্তে তার বাবা কাছে নেই। অপহৃত রাজ্জাকের বাবা তোফাজ্জল হোসেন, বোন তসলিমা খাতুনসহ পরিবারের সবাই কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন। মা বুলবুলি বেগম কাঁদতে কাঁদতে মুর্ছা যাচ্ছেন। ছেলে রাকিবুল ইসলাম, মেয়ে ফারিয়া জাহান রিতু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আব্দুর রাজ্জাকের বাবা তোফাজ্জল হোসেন জানান, গত সোমবারে তার সাথে ছেলে রাজ্জাকের শেষ কথা হয়। এরপর আর কোনো খবর পাননি। ফেসবুকে বিদেশি গণমাধ্যমে ছবি দেখে তারা রাজ্জাক অপহরণের খবর জানতে পারেন। সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে রাকিবুল ইসলাম ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে ফারিয়া জাহান রিতু বাবার অনুপস্থিতি সহ্য করতে পারছে না। তারা জানে না তাদের বাবার কি হয়েছে। আর কোনোদিন তাকে দেখতে পাবে কিনা। তাদের এ অবস্থায় প্রতিবেশীরাও স্তব্ধ হয়ে গেছেন। সরকারের কাছে আব্দুর রাজ্জাককে সুস্থ অবস্থায় তাদের মাঝে অতি দ্রুত ফিরিয়ে দেয়ার দাবি পরিবারের সদস্য তথা এলাকার সবার।খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী আভ্যন্তরীণ কাজে ব্যস্ত থাকার ভান করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। বিজিপি বলছে, বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের আগে আমাদেরকে নিজেদের মধ্যে বসতে হবে। বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান জানিয়েছেন, গতকালও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু মিয়ানমারের বিজিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো অনুমতি পায়নি বলে জানিয়েছে। জানা গেছে, পতাকা বৈঠকের তাগিদ দিয়ে গতকাল রোববার বিজিপির কাছে চিঠি পাঠানো হয়েছে।বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে। দেশটির সরকার সেই বিষয়টি থেকে দৃষ্টি সরানোর জন্য বিজিপির সদস্যের অপহরণের ঘটনাকে ইস্যু হিসেবে সামনে নিয়ে এসেছে। দৃশ্যত বিনা কারণে তারা সময়ক্ষেপণ করছে। শক্তি নয়, মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিশ্লেষকরা। তারা বলছেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার দিকে বাংলাদেশকে এগুতে হবে। নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশীদ বলেন, রোহিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি সরাতেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিরোধ মেটাতে এখনই শক্তিপ্রয়োগ নয়, গুরুত্ব দিতে হবে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের ওপর।তিনি আরো বলেন, ‘এই ইস্যু থেকে দৃষ্টি সরাতেই ইচ্ছে করে সীমান্তে সংঘাত সৃষ্টি করতে পারে দেশটি। সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলেও সীমান্তে সমস্যা নিরসনে শক্তিপ্রয়োগের সময় এখনো আসেনি।’ তবে দ্বিপাক্ষিক কূটনীতিতে ব্যর্থ হলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের পরামর্শ এই নিরাপত্তা বিশ্লেষকের।খোঁজ নিয়ে জানা গেছে, নায়েক রাজ্জাক এরই মধ্যে বেশ কয়েকটি ইয়াবার চালান আটক করেছে। এ নিয়ে মিয়ানমার ইয়াবা চোরাকারবারিদের মাঝে ক্ষোভ রয়েছে রাজ্জাকের ওপর। মিয়ানমারের ইয়াবা চোরাকারবারিরাই বিজিপিকে দিয়ে একা ঘটিয়ে থাকতে পারে। কেননা মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনীর বিরুদ্ধেও ইয়াবা ব্যবসার বিস্তর অভিযোগ রয়েছে।প্রসঙ্গত, গত বুধবার সকালে টেকনাফের দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়ায় একদল চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্ত পুলিশের সদস্যরা বিজিবির টহল দলের ওপর গুলিবর্ষণ করে। এতে বিজিবির সদস্য বিপ্লব গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্ত পুলিশ তাকে অপহরণ করে নিয়ে যায়।এদিকে, শনিবার মিয়ানমারকে আবারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান শনিবার বিকালে মিয়ানমারের নবনিযুক্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেছেন। এসময় তিনি নায়েক রাজ্জাককে দ্রুত ফিরিয়ে দেয়ার অনুরোধ করেছেন।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মাইও মাইনকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে মিয়ানমার সরকার রাজ্জাককে ফিরিয়ে দিতে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়।পরিবারে উৎকণ্ঠা : উদ্ধারে নেই কার্যকর পদক্ষেপজেলা সংবাদদাতা জানায়, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির হাতে আটক বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর নায়েক আব্দুর রাজ্জাকের নাটোরের বাড়িতে রোববার সকালে জন্ম হয়েছে তার তৃতীয় সন্তানের। পুত্রসন্তানের জন্মের পরও এই পরিবারে নেই কোন আনন্দ-উচ্ছ্বাস। পরিবার জুড়ে চলছে উদ্বেগ আর উৎকন্ঠা। আব্দুর রাজ্জাককে উদ্ধারে সরকারের উল্লেখযোগ্য কোন পদক্ষেপ না দেখায় হতাশ হয়ে পড়েছেন তার বৃদ্ধ বাবা তোফাজ্জল হোসেন তারা মিয়া, মা বুলবুলি বেগম ও স্ত্রী আসমা বেগম। রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলার সিংড়া উপজেলার বলিয়াবাড়ী গ্রামে নায়েক আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে চলছে শোকের মাতম। সন্তানের ভবিষ্যৎ চিন্তায় অঝোরে কাঁদছে তার পিতা ও মাতা। স্বামীর অবস্থা চিন্তা করে জ্ঞান হারাচ্ছেন সদ্য মা হওয়া আসমা বেগম। বাবার জন্য কাঁদছে নায়েক রাজ্জাকের বড় দুই সন্তান রাকিবুল হোসেন ও রিতু মনি। নায়েক আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন ও এলাকাবাসী এ সময় সাংবাদিকদের জানায়, ১৬ জুন (মঙ্গলবার) রাতেও সে বাড়িতে ফোন করে বাবা-মা ও স্ত্রীর সাথে কথা বলেছে। পরের দিন বুধবার ভোরে নাফ নদীতে অন্য ছয় সহকর্মীর সাথে টহল দেয়ার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী তাদের উপর হামলা করলে একজন গুলিবিদ্ধ হয় এবং রাজ্জাককে অপহরণ করে। বিজিবি-পুলিশ বা সরকারের কেউ রাজ্জাকের পরিবারকে এই খবর দেয়নি। সিঙ্গাপুরে বসবাসকারী আব্দুর রাজ্জাকের মামা মোঃ ভুট্টু মিয়া ফেসবুকে ভাগ্নে রাজ্জাকের হাতকড়া পড়া নাকে রক্ত মাখা ছবি দেখে তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ী গ্রামে পরিবার-পরিজনের মাঝে প্রথম খবর দেন। তার মাধ্যমেই পরিবারের লোকজন জানতে পারেন নায়েক রাজ্জাককে ধরে নিয়ে গেছে। আটক বিজিবি সদস্য নায়েক আব্দুর রাজ্জাককে ৫ দিনেও ফেরৎ দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। পরে ফেসবুকে শিকল দিয়ে বাঁধা হাতকড়া পরা ছবি দেখে উদ্বেগ উৎকন্ঠা বহুগুণে বেড়ে গেছে আব্দুর রাজ্জাকের পরিবারের মাঝে। তারা দ্রুত বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে দেশে ফিরিয়ে এনে পরিবারের মাঝে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। সরকারের তেমন কোন কার্যকরি পদক্ষেপ না দেখতে পেয়েও তারা হতাশা প্রকাশ করেছেন। তার বাবা তোফাজ্জল হোসেন তারা মিয়া বলেছেন, দেশের প্রধান চাইলে সব করতে পারে। আমার ছেলে দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আটক হয়েছে এখন দেশ তার জন্য কিছু করছে না কেন? তিনি বলেন, টিভিতে নানাজন নানা কথা বলছে, এসব শুনতে চাই না, আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। তার মা বুলবুলি বেগম বলেছেন, আটকের আগে ছেলের সাথে কথা হলেও গত পাঁচদিনে বিজিবি ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সাথে কেউ কোন যোগাযোগ করেনি। আব্দুর রাজ্জাক আটকের পর রোববার সকাল ১১টার দিকে তার একটি পুত্রসন্তান জন্ম নিলেও সেই পরিবারে নেই আনন্দ। স্বামী আটকের খবরের পর থেকেই তার স্ত্রী আসমা বেগম হয়ে পড়েছেন নির্বাক। নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক বলেছেন, বিজিবি সদস্য আব্দুর রাজ্জাকের পরিবার এবং বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। দ্রুত বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে পরিবারের মাঝে ফিরে আনতে সরকার পদক্ষেপ নিয়েছে।