শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় রাবি ও রামেকের পাল্টাপাল্টি কর্মসূচি
রাবি প্রতিনিধি : হলের ছাদ থেকে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম মুস্তাক শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন রাবি ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামেকের চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
অন্যদিকে রামেক হাসপাতালে ভাঙচুরে অভিযোগে জড়িতদের শাস্তির দাবিতে হাসপাতালের প্রধান ফটকে আন্দোলন করছেন রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
গতকাল শনিবার থেকে তারা ৭২ ঘণ্টার কর্মবিরতিও পালন করছেন। এতে করে উভয় প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
নাটোরের সিংড়া থেকে বুকে ব্যথা নিয়ে রামেকে আসেন আহম্মদ।
মেডিকেলের ইমারজেন্সিতে ১৫ মিনিট পড়ে থাকার পর তাকে পাঠানো হয় ওয়ার্ডে। সেখানেও ২০ মিনিট পড়ে থাকতে দেখা যায় তাকে। অভিযোগ করে তার স্বজনরা বলেন, হাসপাতালে আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না।
চিকিৎসকেরা তাদের ডিউটি বাদ দিয়ে বাইরে আন্দোলন করছেন। তাহলে আমরা কোথায় যাবো।
এদিকে এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান করায় রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে অবাঞ্ছিত ঘোষণা করেন রাবি শিক্ষার্থীরা। পরে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংসদ ফজলে হোসেন বাদশার কুশপুত্তলিকা দাহ করেন তারা। এ সময় বাদশার বিরুদ্ধে স্লোগান দেন তারা।
উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার দিকে রাবির হবিবুর রহমান হলের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী শাহরিয়ার। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় সহপাঠী মারা গেছেন এমন অভিযোগে হাসপাতাল ভাঙচুর করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অন্যদিকে হাসপাতালে ভাঙচুরের অভিযোগে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা।











