বাধা ডিঙিয়ে বিএনপির শোডাউন
নিজস্ব প্রতিবেদক, খুলনা : ধর্মঘটের নামে ১৯ অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হয় খুলনার সঙ্গে বাস যোগাযোগ। এতে খুলনাগামী যাত্রীদের পড়তে হয় বিপাকে। পরে শুক্রবার হঠাৎই বন্ধ করে দেওয়া হয় লঞ্চ ও ট্রলার চলাচল। এতে যে পরিস্থিতি দাঁড়ায় তা হলো সারা দেশের সঙ্গে খুলনার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই পরিস্থিতির কারণ গতকাল শনিবার ছিল খুলনায় বিএনপির গণসমাবেশ। এই সমাবেশে লোকসমাগম ঠেকাতে পরিবহন ধর্মঘটের নামে বাস-লঞ্চ বন্ধ রাখা হয় বলে দাবি বিএনপির নেতাকর্মীদের। কিন্তু সব বাধা ডিঙিয়ে গতকাল সমাবেশ করেছে বিএনপি। শুধু ধর্মঘটই নয়, সমাবেশে আসার পথে সরকারদলীয় কর্মী ও পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে বিএনপির নেতাকর্মীদের। হয়েছে ধরপাকড়ও। বিএনপির নেতাদের দাবি, গণসমাবেশের আগে কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। গতকাল সমাবেশ হয়ে ওঠে লোকে লোকারণ্য। কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। এ ছাড়া যশোরসহ আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা সমাবেশে আসেন। সমাবেশে আসার পথে গতকালও নেতাকর্মীরা বাধার মুখে পড়েন।
খুলনায় বিএনপির সমাবেশে নদীপথে ট্রলারযোগে যাওয়ার সময় গতকাল শনিবার প্রতিপক্ষের হামলায় ফুলতলা উপজেলা বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন। এদিকে খুলনা রেলস্টেশনে গতকাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে বিএনপির সমাবেশে আসা ব্যক্তিদের বসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অন্যদিকে খুলনা মহানগরীর খালিশপুর বৈকালী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, খুলনার বিভাগীয় সমাবেশের কর্মসূচি লাইভ করেছিলেন বিএনপির মিডিয়া উইং। দেশের পাশাপাশি বিদেশে বসে প্রবাসীরা লাইভে সমাবেশ দেখেছেন। কিন্তু সমাবেশ চলাকালে নেটের স্পিড কমিয়ে সম্প্রচারে বাধা দেওয়া হয়। এ ছাড়া মাগুরায় ছাত্রদল ও যুবদলের ৭ নেতাকর্মীকে শুক্রবার রাতে আটক করেছে সদর থানা পুলিশ। তারা খুলনার সমাবেশে যোগ দিতে ট্রাকে করে যশোর যাচ্ছিলেন।
বিএনপির ট্রলার বহরে হামলা, আহত ৫০ : গণসমাবেশে নদীপথে ট্রলারযোগে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় ফুলতলা উপজেলা বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্র জানায়, সড়ক পথে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় গতকাল সকাল ৯টায় বিএনপির নেতাকর্মীরা পুলিশি বাধা অতিক্রম করে ভৈরব নদীর ফুলতলা ও শিকিরহাট ঘাট দিয়ে ৯টি ট্রলারযোগে খুলনার গণসমাবেশের উদ্দেশ্যে যাত্রা করে।
উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল ভূঁইয়া পারভেজ বলেন, দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে ট্রলার বহরটি খুলনার ৫ নম্বর ঘাট এলাকায় পৌঁছালে ৫-৬টি ট্রলার নিয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশীয় অস্ত্র, রাম দা, ইটের খোয়া ও রেলের পাথর দিয়ে সমাবেশগামী ট্রলারের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক শেখ লুৎফর রহমান, বিএনপি নেতা মোল্লা মনিরুল ইসলাম, আব্দুল্লাহ, সাজ্জাদুজ্জামান, জিয়াউর রহমান, মো. তাছির, জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন আলী, শেখ হাবিুবর রহমান, সোহরাব হোসেন, ইকরামুল বিশ^াস, হারুন মোল্লা, ফেরদাউস মোল্লা, শেখ সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ, সুনিল দাস, সুমন সরদার, আব্দুল গফফার শেখকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। এ ছাড়া আহত অন্য নেতাকর্মীরা খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনার সময় আত্মরক্ষার্থে শতাধিক নেতাকর্মী নদীতে ঝাঁপিয়ে পড়েন।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কুদরত-ই আমির এজাজ খান বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খুলনার মহাসমাবেশ ভ-ুল করার জন্য তিন দিন ধরে পাঁয়তারা চালাচ্ছিল। তারাই ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার বলেন, ‘ঘটনাটি খুলনা এলাকায় ঘটেছে। ফলে আইনগত বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে।’
রেলস্টেশনে সংঘর্ষ : প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে রেলস্টেশন চত্বরে ভিড় করেছিলেন বিভিন্ন এলাকা থেকে সমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা। এ সময় প্রশাসনের লোকজন ও রেলের সদস্যরা সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাহত হওয়ার কারণে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর শুরু হয় বাগ্্বিত-া। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে দায়িত্বে থাকা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে স্টেশনের বিভিন্ন জানালা-দরজার কাচ ভেঙে ফেলেন। ইটপাটকেলে স্টেশনের দরজার গ্লাস, দোতলা ও তিনতলার জানালার গ্লাসও ভেঙে গেছে। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।
খুলনা রেলওয়ের স্টেশনমাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, নিজেদের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ান আগত ব্যক্তিরা। একপর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করেন। বাইরের পুলিশকে খবর দিলে বিএনপির নেতাকর্মীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে পরিস্থিতি শান্ত হয়। তবে তার আগে অনেকটা ক্ষতি হয়ে যায় জাতীয় সম্পদের। এ ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা করার প্রস্তুতি চলছে।
কেএমপির অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন জানান, কাউকে বাধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
অন্যদিকে খুলনা মহানগরীর খালিশপুর বৈকালী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে যখন নগরীর ফেরিঘাট এলাকায় সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশ চলছিল, তখন অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দলীয় কার্যালয়ে থাকা আসবাব, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা কাউকে চিনতে পারেনি বলেও জানা গেছে।
কারা এ ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে পুলিশও কিছু জানে না বলে জানিয়েছে। তবে বিএনপি অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। বিএনপির ওই অস্থায়ী কার্যালয়ের বিপরীতে আওয়ামী লীগের একটি অস্থায়ী অফিস রয়েছে।
তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অথবা সুবিধা নিতে অন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তারা শুধু শুধু আমাদের ওপর মিথ্যা দায় চাপাচ্ছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-১ ও মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না বলেন, ‘আওয়ামী লীগের কেউ এটা করেনি। আজ আমরা কেউই বাড়ি থেকে বের হইনি।’ তিনি আরও বলেন, ‘মানুষের মনোযোগ আকর্ষণ ও সহানুভূতি পেতে এটি বিএনপির সমর্থকদের চাতুরী হতে পারে।’
আগুনে বিএনপি অফিস থাকা আসবাবসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
জনতার কাতারে মঞ্জু-মনি : খুলনা বিভাগীয় গণসমাবেশে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হলেও মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এবং কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি মঞ্চে স্থান পাননি। নেতাকর্মীদের নিয়ে তারা বসেছিলেন জনতার কাতারে।
তিন দিন আগে মঞ্জু সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন সমাবেশ সফল করতে দলের একজন কর্মী হিসেবে তারা সমাবেশস্থলে উপস্থিত হবেন।
মাগুরায় যুবদল ও ছাত্রদলের আটক ৭ : মাগুরা প্রতিনিধি জনান, ছাত্রদল ও যুবদলের ৭ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে খুলনায় সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা ট্রাকে করে যশোর যাচ্ছিলেন বলে দাবি করেছেন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল। তবে পুলিশ বলছে, আটক সবাই নিয়মিত মামলার আসামি।
জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল অভিযোগ করেন, যুবদল, ছাত্রদলের ৭ নেতাকর্মীকে শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ সদর উপজেলা পরিষদের সামনে থেকে আটক করেছে। তারা খুলনার সমাবেশে যোগ দেওয়ার জন্য রাতে একটি ট্রাকে করে যশোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের শনিবার সকালে যশোর থেকে ট্রেনে করে খুলনা আসার কথা ছিল। কিন্তু পুলিশ কোনো অপরাধ ছাড়াই তাদের আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শহরের হাইওয়ে সড়কে উপজেলা পরিষদের সামনে থেকে ওই সাতজনকে আটক করা হয়। তারা সবাই সদর থানার নিয়মিত মামলার আসামি। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সমাবেশের লাইভ সম্প্রচারে বাধা : বিএনপি গঠিত মিডিয়া উইংয়ের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন দেশ রূপান্তরকে জানান, ‘সমাবেশে লোক সমাগম ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে পরিবহন ধর্মঘট ডাকে দুদিন আগে। এরপর লঞ্চ বন্ধ করে দেয়। খুলনা শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের ওপর হামলা করে। সর্বশেষ সমাবেশের খবর আমরা আমাদের মিডিয়া উইংয়ের মাধ্যমে প্রচার করছিলাম। সেই প্রচারে স্পিড কমিয়ে বাধাগ্রস্ত করেছে সরকার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেশে-বিদেশে অবস্থানকারী নেতাকর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষ দেখতে ও শুনতে পারেননি।’
এদিকে যুক্তরাজ্যে অবস্থানরত চেয়ারপারসনের সাবেক সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্য মুহাম্মদ ওয়াহিদ উদ্দিন নবী দেশ রূপান্তরকে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ হাজার প্রবাসী বিএনপির মিডিয়া উইংয়ের লাইভে সমাবেশ দেখেছেন। তবে সমাবেশে নেতারা যখনই বক্তব্য রেখেছেন, তখন লাইভে সমস্যা হয়েছে; বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য রাখছিলেন, তখন হঠাৎ করে লাইভে সমস্যা হওয়ায় তারা মির্জা ফখরুলের বক্তব্য শুনতে পারেননি।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ওয়াহিদ উদ্দিন নবী লেখেন, ‘সরকার নেটের স্পিড কমিয়ে দিয়ে লাইভ স্ট্রিমিংয়ে ঝামেলা করছে। মহাসচিব সাহেব যখন বক্তৃতা শুরু করলেন তখনই লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায়। প্রায় ৫০ হাজার মানুষ দেখছিলেন সারা বিশে^র বিভিন্ন জায়গা থেকে।’
তিনি লেখেন, ‘বর্তমান গণজোয়ারে বাধা দিতে আওয়ামী লীগের সরকার হেন কোনো কাজ নেই যে তারা করছে না, তবে এর কাউন্টার মিজার দায়িত্ববানদের অবশ্যই জানতে হবে। যেকোনো সমাবেশে নিজেদের ডেডিকেটেড ব্রডব্যান্ড লাইন রাখতে হবে, টেকনোলজির এই যুগে সব সম্ভব। ক্যামেরার রেজুলেশন অনেক নিম্নমানের ছিল। এত বড় গণজমায়েতের পেছনের কোনো কাভারেজ নেই। সম্ভবত সাধারণ মোবাইলেই স্ট্রিমিং করা হচ্ছিল।’
তিনি আরও লেখেন, ‘ড্রোন টেকনোলজি ব্যবহার করতে হবেÑদরকার হলে ভালো মানের ড্রোন কিনে কিংবা কোনো মিডিয়া হাউজকে দিয়ে দলীয় কাউকে এর ওপর প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে হবে। আগামীতে আশা করি এসব দিক ভাববেন দায়িত্বপ্রাপ্তরা। এত বাধাবিপত্তি, মামলা-হামলার পরও জনসমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ স্বৈরাচার পতনের আশার সঞ্চার করে। বাংলাদেশের জন্ম থেকে দুই-দুইটা বড় স্বৈরাচার পতনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইতিহাসের পাতায় স্থান পাওয়া এখন সময়ের ব্যাপার।’











