সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এনামুলের ফিফটির পর বাংলাদেশের শতক

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর এনামুল হকে হাফসেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে ৪১ রান তোলে। তবে রান আউটের শিকার তামিম ইকবাল ব্যক্তিগত ১৯ রানে ফেরেন। বাংলাদেশ অধিনায়ক ৩০ বলে ৩টি চার হাঁকান। পরের ওভারেই নাজমুল হোসেন শান্তকে হারিয়েছে বাংলাদেশ। শূন্য রানে এই ব্যাটার ব্র্যাড ইভান্সের বলে মাঠ ছাড়েন। একই ওভারে মুশফিকুর রহিমও শূন্য রানে ফেরেন।

চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে পার্টনারশিপ গড়েন এনামুল হক। এই ওপেনার ৪৮ বলে হাফসেঞ্চুরির দেখা পান। এরপর দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ।

বুধবার হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় মাঠে গড়ায়। জিম্বাবুয়ের হয়ে এ ম্যাচে নেতৃত্ব দেওয়া সিকান্দার রাজা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। এ নিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টির পর সবকটি ওয়ানডেতে টস হারল বাংলাদেশ।

এ ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। প্রথম দুই ম্যাচ হেরে ২-০তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সালের পর ওয়ানডেতে হোয়াইটওয়াশের চোখ রাঙানি দিচ্ছে।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে পেসার এবাদত হোসেনের অভিষেক হচ্ছে। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে না খেলা মোস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। মোস্তাফিজ ও ইবাদতে পরিবর্তে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

এদিকে জিম্বাবুয়ে একাদশে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে ছিটকে গেছেন রেজিস চাকাভা। অভিষেক হচ্ছে ক্লাইভ মাদান্দের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।