বিদ্যুৎ-জ্বালানি তেলের পর রিজার্ভও শূন্য হচ্ছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন বিদ্যুৎ, তারপর জ্বালানি তেল, এরপর দেখবেন রিজার্ভ শূন্য হচ্ছে।’ গ্যাসের মূল্যবৃদ্ধি, লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে দলের তিন দিনের কর্মসূচির প্রথম দিনে আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, বিএনপি নেতা আবদুস সালাম, ফজলুল হক মিলন, আবদুস সালাম আজাদ, তাবিথ আউয়াল, সাইফুল আলম নিরব প্রমুখ।
আইএমএফ’র কাছে সরকার সাড়ে চার শ বিলিয়ন ডলার ধার চাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কয়েকদিন আগে অর্থমন্ত্রী বললেন, আমরা আইএমএফ থেকে টাকা ধার নেব না। এই সরকার মুখে বড় বড় কথা বলে, অনর্গল মিথ্যা কথা বলে, মানুষকে প্রতারণা করে, মানুষকে বোকা বানিয়ে রাখে। কিন্তু ভেতরে ভেতরে তারা শূন্য হয়ে গেছে। ফোকলা দেশে পরিণত করেছে।’
তিনি বলেন, ‘এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সুতরাং এদেরকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, আর কোনো সময় দেওয়া যাবে না। যত বেশিক্ষণ সময় এরা থাকবে, এরা থাকলেই বাংলাদেশকে ধবংস করে ফেলবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি নেই। ঘাটতি নেই তো লোডশেডিং কেন? কেন তেল রেশনিং করছেন? জ্বালানি তেল রেশনিং করছেন, গ্যাস রেশনিং করছেন? আজকে দুর্নীতি করে, চুরি করে তারা ( সরকার ) বাংলাদেশের জ্বালানি খাত সর্বনাশ করে দিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগেও হাতিরঝিলে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আতশবাজি ফুটিয়েছে। সেখানে বলেছে, শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেল। লোডশেডিং মুক্ত। আজকে এই শহরে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ যায়। আর গ্রামে এখন বোরো মৌসুম, যেখানে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রয়োজন, সেখানে সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অথচ এই সরকার বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে।’
বিএনপিকে সভা-সমাবেশ করতে না দেওয়া ও নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-মামলার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে। দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি পাচ্ছে আকাশচুম্বী হয়েছে।
সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘পরিষ্কার কথা এই মুহূর্তে পদত্যাগ কর, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কর। একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সংসদকে বাতিল কর এবং নতুন একটা নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের ক্ষমতা জনগনের হাতে দিয়ে দাও।’
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের কাছে আহ্বান- আর সময় নেই, এখন জেগে উঠতে হবে। এখন আমাদের নেতা-নেত্রীদের নেতৃত্বে জেগে উঠতে হবে। এই ভয়াবহ ফ্যাসিবাদী ভয়ঙ্কর দুর্নীতিবাজ সরকারকে একটা ধাক্কা লাগাতে হবে। সেই বিখ্যাত উক্তি- দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আসেন সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলি, মানুষকে জাগিয়ে তুলি এবং মানুষকে সঙ্গে নিয়ে এই ভয়াবহ সরকারের পতন ঘটাই।’











