পটিয়ায় অটোরিকশাকে বাসচাপা, নিহত বেড়ে ৬
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে বাসচাপার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পাঁচজন অটোরিকশার ও একজন বাসযাত্রী বলে জানা গেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন। তাদের মরদেহ এখনো ঘটনাস্থলে রাখা হয়েছে। আর আহত একজন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর মারা গেছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- উপজেলার হাবিলাস ইউনিয়নের ফোলাইন গ্রামের নবাব মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিকশাচালক ইসমাইল, উপজেলার কচুয়া ইউনিয়নের মুন্সিরহাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম রফিক।(৪৫)। তিনি চট্টগ্রাম শহরের নিউমার্কেট এলাকার একটি কম্বলের দোকানে চাকরি করেন। চন্দনাইশের গাছবড়িয়া এলাকার বনিকপাড়া গ্রামের মিন্নাত ধরের ছেলে শুভ ধর (২৭) ও পটিয়া উপজেলার শোভনদণ্ডি ইউনিয়নের রশিদাবাদ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮)।
আহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-বরিশালের আরিফুল ইসলাম (২৫), চকরিয়ার শাহ আলম (৪০), রিজুয়ানুল হক (৩২), সুখী (২৯), আবিদা (৭), রাফি (৭) এবং সাতকানিয়ার শিপলু শর্মা (৪২)।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আহতকে আনা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের একটি বাস ভাইয়ারদিঘী এলাকার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাতে থাকা পাঁচজন যাত্রী নিহত হন। দুর্ঘটনার এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে বাসেরও কয়েকজন যাত্রী আহত হন। আহত বাস যাত্রীদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে এক বাস যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার প্রদীপ ত্রিপুরা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার তৎপরতা শুরু করে। এতে স্থানীয় লোকজনের সহায়তায় উল্টে যাওয়া বাস যাত্রীদের উদ্ধার করা হয়। আহত বাস যাত্রীদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনাস্থলে অটোরিকশার পাঁচজন মারা যান।’











