রুটের ১০ হাজার রানের মাইলফলকে ইংল্যান্ডের জয়
স্পোর্টস ডেস্ক : ১৪তম টেস্ট ক্রিকেটার ও দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন জো রুট। তার এই কীর্তি ও অপরাজিত সেঞ্চুরিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৩২ ও ২৮৫
ইংল্যান্ড: ১৪১ ও ২৭৯/৫ (২৭৭ টার্গেট)
২৭৭ রানের লক্ষ্যে রোববার লর্ডস টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য ৬১ রান দরকার ছিল। হাতে ছিল ৫ উইকেট। যা অনায়াসেই করে নেয় স্বাগতিকরা। রুট ১৭০ বলে ১২টি চারে ১১৫ রানে অপরাজিত থাকেন। ১১৮তম টেস্টে এটি তার ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি। অপর ব্যাটার বেন ফকস ৩২ করেন।
রুট এই টেস্টে ৯৮৮৯ রান নিয়ে মাঠে নেমেছিলেন। যেখানে প্রথম ইনিংসে ১১ রান করেছিলেন তিনি। ফলে মাইলফক গড়তে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতেই হতো তার। ডানহাতি এই ব্যাটার সেটা করেও দেখালেন। ইংলিশ কিংবদন্তি স্যার অ্যালিস্টার কুকের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই অর্জন হলো তার।
টেস্টে প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রান করেছিলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। তবে ২০০ টেস্টে ১৫৯২১ রান করে সবার ওপরে রয়েছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার।
ম্যাচ সেরা হয়েছে জো রুট।
আগামী ১০ জুন নটিংহ্যামে দ্বিতীয় টেস্ট শুরু হবে।











